বিএনপিকে নিশ্চিহ্ন করতে মিথ্যা অভিযোগপত্র: ফখরুল
সরকার নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ অভিযোগপত্র দিয়ে বিএনপিকে ‘নিশ্চিহ্ন করার চক্রান্ত’ করছে বলে অভিযোগ করেছে দলটি।
বুধবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২০০৮ সাল থেকে এ পর্যন্ত সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। উদ্দেশ্য একটাই- বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা এবং একেবারে নিশ্চিহ্ন করে দেয়া।”
ফাইল ছবি
এর অংশ হিসাবেই তার এবং অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
“এটা নজিরবিহীন ঘটনা। আমরা মনে করি, এর মাধ্যমে তারা (সরকার) দেশে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চায়।”
গত বছর রাজধানীর বেইলি রোডে ভাংচুর-বিস্ফোরণের একটি মামলায় মির্জা ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
এর মধ্যে একটি অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে গত বছর ২ মার্চ বেইলি রোডে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়। অন্য অভিযোগপত্র দেয়া হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় দলটির মিছিল থেকে ব্যাপক হামলা, ভাংচুর চালানো হয়।পুলিশের সঙ্গে সংর্ঘষের পর হোসাফ টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় মিছিলকারীরা। ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ।
দুটি অভিযোগপত্রে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লা বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলসহ ৪১ জনকে আসামি করা হয়।
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ সংগঠনটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “সরকার বিরোধী দল ও ভিন্নমতকে দাবিয়ে রাখতে নানা কৌশল নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হয়েছে।
“কেবল তাই নয়, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে বিনা কারণে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। উচ্চতর আদালতের জামিনের পরও তাকে মুক্তি দেয়া হচ্ছে না।”
ফখরুল অভিযোগ করেন, ভিন্নমতকে স্তব্ধ করে দিতে এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করতেই মন্ত্রিসভায় সম্প্রচার নীতিমালা পাস করা হয়েছে।
বিএনপির আন্দোলন সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আন্দোলন মুহূর্তের কোনো ঘটনা নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ভোটের অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখনো করে যাচ্ছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকব।”
শিগগিরই দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
