২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নতুন কমিটির সঙ্গে খালেদার বৈঠক

বিএনপির ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটির সঙ্গে প্রথম বৈঠক করেছেন দলীয় প্রধান খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:21 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার রাতে তিন ঘণ্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

তবে ঢাকা মহানগরের একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন দলীয় চেয়ারপারসন।

এই বৈঠকে নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

কমিটি গঠনের পর দ্বন্দ্বের খবর গণমাধ্যমে এলেও বৈঠকে তা নিয়ে কোনো কথা হয়নি বলে নেতারা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই বৈঠকে ছিলেন তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, আবদুল খায়ের ভুঁইয়া, আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, এস এ খালেক, এম এ কাইয়ুম, শামসুল হুদা, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, এম এ মজিদ, ইউনুস মৃধা, মুন্সি বজলুল বাসিত আনজু, নবীউল্লাহ নবী প্রমুখ।

বৈঠকের আগে সন্ধ্যা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সহস্রাধিক নেতা-কর্মী সমবেত হয়। তারা খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা আব্বাসের নামে স্লোগানও দেয়।

গত ১৮ জুলাই ৫২ সদস্যের নতুন এই কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির পাশাপাশি আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালামকে নিয়ে ৪ সদস্যের উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়।

এই কমিটিকে দুই মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি গঠন করে মহানগরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর অভ্যন্তরীণ মতদ্বন্দ্বের খবরের মধ্যে গত ২৩ জুলাই নয়া পল্টনের মহানগর কার্যালয়ে তারা প্রথম সভা করে। এর পরদিন শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন নেতারা।

আন্দোলন সংগঠনে ‘ব্যর্থতার’ সমালোচনার মধ্যে সাদেক হোসেন খোকার নেতৃত্বধীন ১৯ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত করে মির্জা আব্বাসের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়।