‘নাশকতা’ প্রতিরোধের ঘোষণা চট্টগ্রাম আ. লীগের
বিএনপি আন্দোলনের নামে কোনো নাশকতা করলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
রোববার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় চট্টগ্রামের সাবেক মেয়র বলেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে ‘হুঙ্কার’ দিয়ে জনগণকে ‘আতঙ্কিত করার’ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফাইল ছবি
“বিগত দিনে তাদের অত্যাচার-নির্যাতন জনসাধারণ নিরবে সহ্য করেছে। কিন্তু জনগণ এবার ঠিকই প্রতিরোধ গড়ে তুলবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে সমন্বয় করে রাজপথে থেকে নাশকতা প্রতিরোধে দলের সব নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ।”
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন সভায় বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও সাফল্যকে বাধাগ্রস্ত করতেই ‘আন্দোলনের নামে মানুষ হত্যার চক্রান্ত’ করছে বিএনপি-জামায়াত জোট।
“তাদের ষড়যন্ত্রে জনগণ শঙ্কিত নয়। জনগণের অধিকার রক্ষায় দেশ ধ্বংসকারী সব ষড়যন্ত্র প্রতিহত করতে নগর আওয়ামী লীগ পরিকল্পনা নিয়েছে।”
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে নগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটে জাতির জনকের ভাষণ প্রচার ও আলোচনা সভা আয়োজনের কর্মসূচি ঠিক করা হয় এই সভায়।
এছাড়া ১৫ অগাস্ট টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং সেখানে মেজবান আয়োজনের কথাও সভায় জানানো হয়।
