এমন ‘পাপ’ করবেন না: খালেদাকে মায়া
বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনকে ‘পাপ কাজ’ আখ্যায়িত করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেছেন, “অগাস্ট মাস শোকের মাস। ১৫ অগাস্ট অনেকে উল্লাস করে, আনন্দ করে। তাদেরকে অনুরোধ করব- এই কাজ থেকে বিরত থাকেন। এই পাপ কাজটি করবেন না। পরকালে এর জবাবদিহিতা করতে হবে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়ার দাবি, ১৫ অগাস্ট অনেকের জন্মদিন হওয়ার পরও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তা উদযাপন করেন না।
ফাইল ছবি
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে আওয়ামী লীগ দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করলেও ২০০২ সালে চারদলীয় জোট সরকার তা বাতিল করে। পরে ২০০৮ সাল থেকে হাই কোর্টের রায়ে দিনটি জাতীয় শোক দিবস হিসাবেই পালিত হচ্ছে।
অন্যদিকে প্রতিবছর এই দিনটিতেই দলীয় ও পারিবারিকভাবে নিজের জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করেন খালেদা জিয়া, যার একাধিক জন্ম তারিখের হদিস পাওয়া যায়।
এ প্রসঙ্গে মায়া বলেন, “উনি তো ভুয়া। ১৫ অগাস্ট তার জন্মই হয় নাই। তার চারটি জন্মদিন। তিনি ১৫ অগাস্ট জন্মদিন পালন করেন- এটি জাতির জন্য কষ্টকর ও কলঙ্কময়, এটি তার বোঝা উচিৎ ছিল।”
খালেদা জিয়াকে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মায়া বলেন, “১৫ অগাস্ট জন্মদিন পালন করে তিনি যে পাপকাজ, জঘন্য কাজ করেন, এতে প্রমাণ হয় তিনি পাকিস্তানের প্রেতাত্মা।”
