২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল কে সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা

রাজধানীতে নিজ দল বিএনপি ও সংসদ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার ও মন্ত্রী এল কে সিদ্দিকীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 12:06 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার বিকালেই চট্টগ্রামের রহমত নগরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।  

গত শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসতাপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এল কে সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরদিন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানযোগে মরদেহ ঢাকায় আনার পর হিমঘরে রাখা হয়।

রোববার সকাল ৮টার দিকে মরদেহ নেয়া হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।  

সেখানে নামাজে জানাজা শেষে দলটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতারা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে ফুল দিয়ে নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এর পরপরই লাশ নেয়া হয় জাতীয় সংসদ ভবনে। সেখানে দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  

জানাজা শেষে পৌনে ১০টার দিকে দক্ষিণ প্লাজায় ষষ্ঠ সংসদের ডেপুটি স্পিকারের প্রতি শ্রদ্ধা জানায় সংসদ।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব কফিনে ফুল দেন। স্পিকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

এছাড়াও ‘চট্টগ্রাম সমিতি’ ও ‘সীতাকুণ্ড সমিতির’ পক্ষ থেকেও ফুল দেয়া হয়। এরপর কফিনটি একটি বেসরকারি বিমানে করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে।

এল কে সিদ্দিকীর বড় ছেলে আফসান এ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বাদ জোহর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ, বিকাল সাড়ে ৩টায় আগ্রাবাদ জাম্বুরী মাঠ, বাদ আসর সীতাকুণ্ড হাইস্কুল মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মাগরিবের আগেই গ্রামের বাড়ি রহমত নগরের পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হবে।

নয়া পল্টনে জানাজায় আরো ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আবদুল হালিম, এম এ কাউয়ুম, কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, হাবিব-উন নবী খান সোহেল, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, হাফেজ এম এ মালেক, শাহ নেসারুল হক, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম, আমিরুজ্জামান শিমুল প্রমুখ।

সংসদের দক্ষিণ প্লাজার জানাজায় অংশ নেন আ স ম ফিরোজ, সাবেক সাংসদ মাহবুবুর রহমান, হাফিজ উদ্দিন আহেমদ, আবদুল মান্নান, প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা।

পুরনো খবর:

বিএনপি নেতা এল কে সিদ্দিকী আর নেই