২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের বাপ্পীকে ‘মদদে’ জাসদের বাদল, দাবি কাউন্সিলরের

চাঁদাবাজির অভিযোগে ঈদের দিন গ্রেপ্তার মিজানুর রহমান বাপ্পী যুবলীগ করলেও তাকে চট্টগ্রামে জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল মদদ দেন বলে দাবি করেছেন বিএনপি সমর্থক এক কাউন্সিলর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

নগরীর মোহরায় দুই ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের অভিযোগে ঈদের সকালে গ্রেপ্তার বাপ্পী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের অনুসারী বলে স্থানীয়রা জানিয়েছিল।

এরপর আবদুচ ছালামের অনুসারী আওয়ামী লীগে নেতারা তা অস্বীকার করেন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী নেতারা ও ওয়ার্ড কাউন্সিলর মো. আজমও একই সুরে কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজম নগর বিএনপিতে এরশাদ উল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। এরশাদ আবার বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কার হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার মোহরায় বাপ্পীর বিরুদ্ধে মানববন্ধনে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও এরশাদ উল্লাহ উভয়েই অংশ নেন।

‘মাদক সম্রাট ও চাঁদাবাজ-দখলবাজ সন্ত্রাসী বাপ্পী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এই সংবাদ সম্মেলনে কামাল বাজার ব্যবসায়ী সমিতি, কাজীর হাট ব্যবসায়ী সমিতি ও কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমও ছিলেন।

বিএনপি সমর্থক এই কাউন্সিলর বলেন, “বাপ্পী আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নামধারী। তবে ওয়ার্ড পর্যায়ে কোনো সংগঠনেই তার সদস্য পদ নেই বলে জানি।”

আওয়ামী লীগের জোট শরিক জাসদের কার্যকরি সভাপতি বাদলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “এলাকার সাংসদ মঈনুদ্দিন খান বাদল স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হন। আমি বিশেষ অতিথি হিসেবে যাই।

“একাধিক অনুষ্ঠানে আমার উপস্থিতিতে সাংসদ আয়োজকদের বলেছেন, ‘যুবলীগের বাপ্পীকে একটা চেয়ার দাও’। সাংসদের ছত্রছায়ায় বাপ্পী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করত।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজীর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাইফুদ্দিন ঈদের আগের রাতের ঘটনার বর্ণনা দেন।

তিনি বলেন, “স্থানীয় হাটহাজারী স্টোরের মালিক নুরুচ্ছফাকে আটকে রেখে নির্যাতনের খবর পেয়ে বাজার কমিটির সভাপতি হিসেবে আমি ঘটনাস্থলে যাই।

“তখন বাপ্পীর লোকজন আমাকে মারধর করে এবং বাপ্পীর অফিসে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পাঁচ লাখ টাকা দেয়ার পরও আমাকে আটকে রেখে নির্যাতন করা হয়।”

ব্যবসায়ী সাইফুদ্দিন বলেন, পুলিশ ও তার আত্মীয়রা ঘটনাস্থলে গেলে বাপ্পীর লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। মসজিদের মাইকে এই ঘটনার ঘোষণা দেয়ার পর এলাকাবাসী বাপ্পীকে আটকে পুলিশের হাতে তুলে দেয়।

গত মঙ্গলবার ঈদের দিন সকালে এলাকাবাসী পিটুনি দিয়ে বাপ্পীকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় বাপ্পীর বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী সাইফুদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা নুরুল আলম বাপ্পীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন।

পাশাপাশি বাপ্পী যে ভবনে অফিস ভাড়া নিয়েছেন তার মালিক আসাদ চৌধুরী অভিযোগ করেন, অফিসের তিন বছরের ভাড়া বাকি আছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সাইফুদ্দিন বলেন, “বাপ্পীর গডফাদার স্থানীয় আবু তাহের ও জামালউদ্দিন।”

সাংসদ বাদলের ছত্রছায়াও বাপ্পী পান বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে জাসদ নেতা বাদলের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুরনো খবর:

ঈদের দিনে জনতার পিটুনি খেলেন যুবলীগকর্মী