২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যর্থ, রাজপথে নামব: এরশাদ

শেখ হাসিনার সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, যার দলও সরকারের অংশীদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 02:52 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

তিনি শনিবার দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, “সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যে সরকার সুশাসন দিতে পারে না, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তাকে গণতান্ত্রিক বলা যায় না।

“শুধু তাই নয়, এ সরকার লুটপাটকারী। ক্ষমতাসীনরা সাড়ে ৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের মানুষ আর এই সরকারকে চায় না।”

বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি মন্ত্রিসভায়ও যোগ দিয়েছে জাতীয় পার্টি। এরশাদ নিজেও হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

সরকারের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে বিরোধী দলের দায়িত্ব পালন করা হবে বলে এতদিন বলে আসছিলেন জাতীয় পার্টির নেতারা।  

এরশাদ বলেন, “দেশে নিরাপত্তা নেই। কে কখন কাকে তুলে নিয়ে যাবে, কেউ জানে না। কত মানুষ নিরুদ্দেশ। তারা ফিরে আসবে কি না, কেউ জানে না। আমরা এর পরিবর্তন চাই।

“সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, রাজপথে নামব। সরকারের ব্যর্থতা তুলে ধরব।”

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে এলেও জাতীয় পার্টির আন্দোলনের ধরন ভিন্ন হবে বলে জানান এরশাদ।  

“বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। তাদের সহিংসতার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আমরা পেট্রোল দিয়ে মানুষ মারব না। জ্বালাও-পোড়াও করব না।”

আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলের ওপরই জনগণের আস্থা আর নেই দাবি করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান চেয়ারম্যান।

শরীয়তপুর জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের রাজনৈতিক ও প্রেসসচিব সুনীল শুভ রায়।