২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনহারা ২১ পরিবারকে খালেদার সহায়তা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আমলে নিখোঁজ ও নিহত ২১  নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 11:04 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেন তিনি। ঈদ উপলক্ষে এই অর্থ সহায়তা দেয়া হয় বলে দলটির নেতারা জানান।

খালেদার সঙ্গে সাক্ষাতের সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনহারা এসব পরিবারের সদস্যরা। তাদের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “সারাদেশে এরকম অনেককে গুম করা হয়েছে। যারা চলে গেছেন, তারা দলের জন্য ছিলো অ্যাসেট। তাদের একটি অপরাধ ছিলো, তারা বিএনপি করে।”

স্বজনহারাদের সান্ত্বনা দিয়ে খালেদা জিয়া বলেন, “আপনারা মনকে শক্ত করুন। আল্লাহকে ডাকুন। একদিন না একদিন এর বিচার হবেই। কারা গুম-খুন করেছে, সব তথ্য বেরিয়ে আসবে।”

এ সময় অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জমান আনোয়ারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে গত সাড়ে পাঁচ বছরে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ঢাকার মহানগরীর ২১ জন নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ‘গুম ও খুন’ হয়েছেন বলে অভিযোগ করে আসছেন দলটির নেতারা।

এই নেতাকর্মীরা হলেন- মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাজেদুল ইসলাম সমুন, তানভীর, পল্লবী থানার তরিকুল ইসলাম তারা, সবুজবাগ থানা ছাত্রদলের মাহবুব হাসান সুজন, সূত্রাপুর থানা ছাত্রদলের সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা, ৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের পারভেজ হোসেন, মো. জহির, বংশাল থানা ছাত্রদলের মো. সোহেল, মো. চঞ্চল, তেজগাঁও কলেজ ছাত্রদলের তরিকুল ইসলাম ঝন্টু, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কাজী ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, মাসুদ রানা, বিমান বন্দর থানা ছাত্রদলের নিজাম উদ্দিন মুন্না, ৭৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের খালেদ হাসান সোহেল, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের এ এম আদনান চৌধুরী, কাউসার ও দারুস সালাম ছাত্রদলের মফিজুল ইসলাম রাশেদ।