২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে বাধা এলে পাল্টা জবাব: খালেদা

ঈদের পর সরকার ‘পুলিশ ও গুলি দিয়ে’ বিএনপির আন্দোলন ঠেকানোর চেষ্টা করলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ার করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 09:08 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

গত জানুয়ারির নির্বাচনের আগে রাজধানীতে বিএনপির আন্দোলন কৌশলে ‘ক্রুটি ছিল’ স্বীকার করে তিনি জানিয়েছেন, শিগগিরই ঢাকা মহানগরে দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

বুধবার মহানগর বিএনপির এক ইফতার অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বলেন, “দেশের মানুষ এই সরকারকে হটাতে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ। আন্দোলন মানে মারপিট, জ্বালাও-পোড়াও নয়, ঈদের পরে আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক।”

ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে খালেদা বলেন, “আমরা শুনতে পাচ্ছি, ঈদের পর আওয়ামী লীগও পাল্টা রাজপথে নামবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন ভাল; তবে পুলিশ ও গুণ্ডাবাহিনী নিয়ে অস্ত্র হাতে রাজপথে নামবেন না। এটা করা হলে পাল্টা জবাব দেয়া হবে।”

সারা দেশে বিএনপি ও শরিক দলের নেতাকর্মীদের ওপর ‘জুলুম-নির্যাতন’ চলছে অভিযোগ করে তিনি বলেন, নির্যাতন চলতে থাকলে বিএনপি চুপ করে বসে থাকবে না।

“অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের এই অবস্থার পরিবর্তন আসবে না। তাই এ সরকারকে হটাতে হবে।”

খালেদা জিয়া বলেন, “তারা (সরকার) আলোচনা চায় না। কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে আপনাদের পরিণতি হবে এমন- যে তখন কেউ চোখের পানিও ফেলবে না।”

গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিএনপি লাগাতার কর্মসূচি দিলেও আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিএনপির মহানগর শাখা নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে।

এ প্রসঙ্গে খালেদা বলেন, “সারা দেশে ব্যাপক আন্দোলন হয়েছে। ঢাকায় আন্দোলনের কিছু ক্রটি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

“তাই ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি অতিদ্রুত দেয়া হবে। ওই কমিটি সম্মেলনের মাধ্যমে ইউনিট ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করবে।”

ঢাকার সাবেক মেয়র খোকা ১৯৯৬ সাল থেকে বিএনপির ঢাকা মহানগর কমিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। দলের ভেতরে সমালোচনার মুখে গত মার্চে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

সংসদের এলডি ভবন প্রাঙ্গনে আয়োজিত এই ইফতারের আগে দেশের কল্যাণ ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঢাকার ওয়ার্ড পর্যায়ের ১৫ হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।

আগামীতে ‘নতুন ধারার’ রাজনীতি শুরু করার অঙ্গীকার জানিয়ে খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘‘ দেশের উন্নয়ন ঘটাতে হলে নতুন ধারার রাজনীতি করতে হবে। নিজের স্বার্থ বাদ দিয়ে সব ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া এবং মহানগর সদস্য সচিব আবদুস সালাম।