দ্রুত সংলাপ ডাকুন, নইলে আন্দোলন: খালেদা
ঈদের পর বিরোধী দলের আন্দোলন এড়াতে চাইলে সরকারকে সংলাপ ডাকার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেছেন,“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, সরকার যদি আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান না করে, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।”
রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে সংসদ নির্বাচন চেয়ে আসছে। ওই দাবি মানতে সরকারকে বাধ্য করার হুমকিও দিয়েছেন খালেদা।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করার পাশাপাশি আন্দোলন সংগঠনে বিএনপির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে আসছে।
খালেদা বলেন, “নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলনের কথা বলছি। অথচ সরকারের সেদিকে নজর নেই।”
বাংলাদেশ এখন ‘গণতন্ত্রবিহীন’ দাবি করে তিনি বলেন, “বর্তমান জনপ্রতিনিধিত্বহীন সংসদে জনগণের সমস্যার সমাধান নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে গান-বাজনা, কবিতা পাঠ করা হয়। সংসদ এখন সঙদের আড্ডাখানায় পরিণত হয়েছে।”
‘অবৈধ সরকার’কে হটিয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
এই ইফতার অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষনেতারা অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া টেবিলে টেবিলে গিয়ে আমন্ত্রিত অথিতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সভাপতিমণ্ডলীর সদস্য টিআই ফজলে রাব্বী, মুহাম্মদ আতিকুর রহমান, এসএম আলম, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান প্রমুখ।
অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক জসিমউদ্দিন আহমেদ, অধ্যাপক তারেক শামসুর রেহমান, অধ্যাপক পিয়াস করিম, সাংবাদিক সাদেক খান, মাহফুজউল্লাহ, এ এম এম বাহাউদ্দিন, ব্যারিস্টার তুহিন মালিক এই ইফতার অনুষ্ঠানে ছিলেন।
ইফতারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, মরক্কো, ভিয়েতনামের কূটনীতিকরা অংশ নেন।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন আর এ গনি, আসম হান্নান শাহ, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল কাউয়ুম, আবদুস সালাম, শিরিন সুলতানা, শ্যামা ওবায়েদ প্রমুখ।
