২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর রহমত তালপট্টি বিলীন হয়ে গেছে: এরশাদ

বঙ্গোপসাগরে তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে দেশের আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও বলেছেন, ‘তালপট্টি বিলীন হয়ে গেছে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 01:09 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সমুদ্র গর্ভে তালপট্টির বিলীন হয়ে যাওয়াকে ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আন্তর্জাতিক আদালতের রায়ে দখলপ্রাপ্ত সমুদ্রসীমা থেকে সম্পদ আহরণের মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে।”

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “দক্ষিণ তালপট্টি নিয়ে অনেক কথা উঠছে। কিন্তু তালপট্টির অস্তিত্ব নেই, বিলীন হয়ে গেছে।

“একসময় সমুদ্র থেকে এটা ভেসে উঠেছিল। আমি সেখানে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিলাম। তখন তালপট্টি ভাটার সময় ভেসে উঠত, জোয়ারের সময় তলিয়ে যেত।”

১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানায়, চব্বিশ পরগনা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় একটি নতুন দ্বীপের উৎপত্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের ল্যান্ড রিসোর্স স্যাটেলাইট ১৯৭৪ সালে যে তথ্য প্রকাশ করে সে অনুযায়ী, ওই দ্বীপের আয়তন প্রায় আড়াই হাজার বর্গমিটার, যা ভাটার সময় ১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের পক্ষ থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমানায় এ দ্বীপের মালিকানা দাবি করে এর নাম দেয়া হয় দক্ষিণ তালপট্টি। অন্যদিকে ভারতও নিজেদের মানচিত্রে এর অধিকার দাবি করে, নাম দেয় পূর্বাশা বা নিউ মুর।

আশির দশকের শুরুতে এ দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ-ভারত টানাপড়েন নতুন মাত্রা পায়। বাংলাদেশ ১৯৭৯ সালে একটি যৌথ সমীক্ষার প্রস্তাব দিলেও ১৯৮১ সালে ভারত সামরিক বাহিনী পাঠিয়ে সেখানে নিজেদের পতাকা ওড়ায়।

এরপর বিভিন্ন সময়ে দুই দেশের রাজনীতিতেই তালপট্টি ঘুরে ফিরে আসে। ১৯৯০ সালে এক স্যাটেলাইট জরিপের মাধ্যমে দ্বীপটির ক্ষয়ে যাওয়ার খবর দেয় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। নব্বইয়ের দশকের শেষ দিকে তালপট্টি সমুদ্রগর্ভে হারিয়ে যায়।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নিয়ে নেদারল্যান্ডসের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) রায়ে ভারতের সঙ্গে অমীমাংসিত প্রায় ২৫ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমার মধ্যে ১৯ হাজার বর্গকিলোমিটারের দখল পায় বাংলাদেশ।

ওই রায়ে যে ছয় হাজার কিলোমিটার ভারতীয় সীমানায় পড়েছে সেখানেই তালপট্টির অবস্থান ছিলো।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, “তালপট্টি এখন নেই। তালপট্টি যে জায়গায় ছিল এ সীমানাটি ভারতের দিকে পড়লেও এর নিচের (দক্ষিণে) বিশাল জায়গায় আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”

ইফতার অনুষ্ঠানে সমুদ্রসীমায় বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, “আল্লাহ, মেহেরবান যে দক্ষিণ তালপট্টি আর নেই। সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে আমাদের বিরোধ ছিল তার অবসান হয়েছে। রহমতের মাস রমজানে আল্লাহ আমাদের রহমত করেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“রমজান মাসে সমুদ্র জয় আল্লাহর রহমত। এখন আমরা নির্বিঘ্নে সমুদ্র থেকে সম্পদ আহরণ করব, দেশকে সমৃদ্ধ করব।”

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়কমন্ত্রী মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য সালমা ইসলাম, সংসদ সদস্য এম এ হান্নান প্রমুখ।

রাশিয়া, বৃটেন, সৌদি আরব, কাতার, ভুটান, তুরস্কসহ প্রায় ১৮ টি দেশের রাষ্ট্রদূত এই ইফতারে অংশ নেন।