২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালপট্টি দ্বীপ উদ্ধার করাই চ্যালেঞ্জ: ফখরুল

তালপট্টি দ্বীপ ভারতের কাছ থেকে উদ্ধারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সমাবেশে বলেছেন, “আজ  আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ক্ষমতায় যাওয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধার করা, তালপট্টি দ্বীপ উদ্ধার করা ও আমাদের সমুদ্র সীমানা রক্ষা করা।

“তাই আমাদের ইস্পাত কঠিন গণঐক্য গড়ে তুলে সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।”

আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ে বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ ২৫ হাজার বর্গকিলোমিটারের মধ্যে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশ পেলেও তালপট্টি দ্বীপ এলাকাটি ভারত পেয়েছে।

চার দশক আগে আকস্মিক জেগে ওঠা বালিদ্বীপ দক্ষিণ তালপট্টি হারিয়ে গেছে। তবে আদালতের রায়ে এই এলাকাটি হারানোর জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করছে বিএনপি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে ঢাকার সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশে বক্তব্যে তালপট্টি দ্বীপের প্রসঙ্গটি তোলেন বিএনপির মুখপাত্র।

সংগঠনের আহ্বায়ক আনোয়ার পারভেজ বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  রফিকুল আলম মজনু, সাঈদ হোসেন মিন্টু, শফিউদ্দিন আহমেদ সেন্টু প্রমুখ।  

নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাসহ সাবেক কাউন্সিলর হাজী আলতাফ, শামসুন্নাহার ভুঁইয়া, সাহেদা মোর্শেদও বক্তব্য রাখেন সমাবেশে।

বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা পিন্টুকে জড়িয়ে শাস্তি দেয়া হয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। 

ফখরুল বলেন, “নিজেদের দুষ্কর্ম ঢাকতে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত করা হয়েছে। তারা স্কেপগোট বানাতে পিন্টুকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। অসুস্থ হলেও তার কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারী দল। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা র‌্যাব-পুলিশ দিয়ে গুম-খুন করাচ্ছে। ব্যক্তি কোম্পানির মতো দেশ চালাচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ, ফেনী ও মিরপুরের কালসীতে হত্যাকাণ্ডের আসামিদের সরকার আড়াল করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  

ভরাডুবির আশঙ্কা থেকে সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, “অন্যান্য সিটি করপোরেশনের মতো হেরে যাওয়ার ভয়েই ডিসিসি নির্বাচন দিচ্ছে না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।”

জয়ের সমালোচনা

সমাবেশে বক্তব্যে বিএনপির যুগ্মমহাসচিব রিজভী প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বলেন, “তাকে এতদিন জাতীয় ভাগ্নে বলা হত। ইদানিংকালের কথা-বার্তা শুনে মনে হচ্ছে, তিনি সক্রেটিস, অ্যারিস্টোলের ভাগ্নে হয়ে গেছেন।”

‘যারা জিন্দাবাদ বলে, তাদের পাকিস্তান চলে যাওয়া উচিৎ’- জয়ের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, “জিন্দাবাদ শব্দ সম্পর্কে ন্যূনতম লেখা-পড়া থাকলে এ নিয়ে এমন কথা কেউ বলত না।

“এই জিন্দাবাদ ভারতে ব্যবহৃত হচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের স্লোগান হচ্ছে- ‘ইনকিলাব জিন্দাবাদ’। এদেশের সংস্কৃতির সঙ্গে জিন্দাবাদ শব্দ জড়িয়ে আছে।”

জয় শুক্রবার এক সভায় বলেছিলেন, “বাংলা ভাষায় জিন্দাবাদ বলে কোনো শব্দ নেই। এটা হচ্ছে উর্দু শব্দ। বাংলার মাটিতে কোনো বাঙালি সেই উর্দু ভাষা কিভাবে বলে?

“আমি বলি তারা বাঙালি না, তারা পাকিস্তানি। যারা বাংলাদেশ জিন্দাবাদ বলবে তাদের পাকিস্তানে ফিরে যাওয়া উচিৎ। তাদের বাংলাদেশে থাকারই কোনো প্রয়োজন নেই।”

জয়সহ আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা এমন ভাষায় কথা বলছেন যে এই দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি।”

একটি দৈনিকে প্রকাশিত এইচ এম এরশাদের লেখা প্রবন্ধের দিকে ইঙ্গত করে বিএনপির মুখপাত্র বলেন, “এরশাদ বলেছেন, জিয়াউর রহমান রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছেন। নিজের দোষ আড়াল করতে ওই চিঠিতে তিনি নানা মিথ্যা কথা লিখেছেন।

“জিয়াউর রহমান কখনো ক্ষমতা দখল করেননি। বিপ্লবের মধ্য দিয়ে সিপাহি-জনতা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বরং এরশাদই ১৯৮২ সালে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে বন্দুকের নলে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তিনিই (এরশাদ) বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের হোতা।”

পুরনো খবর:

‘তালপট্টি আর নেই’
সমুদ্রসীমার রায়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত: বিএনপি
জিয়াই কি তালপট্টি দান করে গেছেন, প্রশ্ন জয়ের