আওয়ামী লীগকে শক্তিশালী করতে প্রয়াস জয়ের
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
আওয়ামী লীগের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জয়।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানালেন, এবার দলকেও তিনি সহায়তা করবেন।
সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে দলের সাত সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকদের নিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন জয়।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, “সাড়ে পাঁচ বছর ধরে দেশ সফলভাবে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এখন আমার ইচ্ছা সংগঠনটাকে সফলভাবে চালাতে সহায়তা করা। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সংগঠনটাকে আরো শক্তিশালী করা।”
ফাইল ছবি
জয় জানান, ওয়ার্ড পর্যায় থেকে নেতা-কর্মীদের তথ্য নিয়ে ডাটাবেইজ তৈরি করা হচ্ছে, যাতে সবার সঙ্গে যোগাযোগ করা যায়।
সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “আওয়ামী পরিবার সবসময় সরকারকে সহযোগিতা করে। সরকারও আওয়ামী পরিবারকে শক্তিশালী করার জন্য ও উন্নয়ন কর্মকাণ্ডকে চলমান রাখতে তথ্য প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যায় সেজন্যই এ বৈঠক।
“এ জন্য আমরা মাঠ পর্যায়ের তথ্য নিচ্ছি। সবার সহযোগিতা চাচ্ছি। এভাবেই এগিয়ে যাব, আওয়ামী লীগকে এগিয়ে নেব।”
