বিএনপির কার্যালয়ে মারামারি
কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের এক পক্ষ।
বুধবার বিএনপি কার্যালয়ের পঞ্চম তলায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি গঠনের জন্য নির্বাচন হয়।
ওই নির্বাচন শেষে বিকালে পরাজিত পক্ষ এই ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনসহ কয়েকজন। আনোয়ারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পর বিভিন্ন শাখার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তার ধারাবাহিকতায় শ্রমিক দলের ঢাকা মহানগরের (দক্ষিণ) নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল।
ফাইল ছবি
নির্বাচনে সভাপতি পদে সুমন ভুঁইয়া ও কাজী আমীর খসরু এবং সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ ও মাহবুবুল আলম বাদল প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে কাজী আমীর খসরু ও বাদলকে বিজয়ী ঘোষণা করা হলে পরাজিত সুমন ভুঁইয়া ও সবুজের সমর্থকরা এই ফলাফল না মানলে বিজয়ী পক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
এরপর পরাজিত অংশের ক্ষুব্ধ কর্মীরা পঞ্চম তলায় ভাংচুর চালান বলে বিএনপি নেতারা জানান। এ সময় বিক্ষুব্ধরা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করেন।
আনোয়ার হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়।
