আ. লীগের দূরদর্শিতার অভাবে বিএনপির উত্থান: বাবলু
বাংলাদেশের রাজনীতিতে বিএনপির উত্থানের কারণ হিসেবে অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ‘দূরদর্শিতার’ অভাবকে চিহ্নিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় তিনি ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন,“আপনাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে বিএনপির উত্থান ঘটেছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাইনি। এ সুযোগে বিএনপির উত্থান, এখন তারা মহীরুহ হয়ে গেছে।”
জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিএনপির কারণে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতার রাজনীতির প্রকাশ ঘটেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, “আমাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রাখলে আজ আমরা বিএনপির জায়গায় থাকতাম।
“আমাদের জেলে পুরে রেখেছেন, পোস্টার লাগাতে দেননি। তারপরও আমরা ৩৫টি আসন পেয়েছি। আমাদের জন্য যদি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতেন, যদি জেলে পুরে না রাখতেন, পোস্টার লাগাতে দিতেন তাহলে এ অবস্থা হত না।”
রাজনীতিতে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান ডাকসুর সাবেক সভাপতি বাবলু।
বাংলাদেশকে মেধাশূন্য হওয়ার হাত থেকে রক্ষায় কর্মসংস্থান বাড়ানোর দাবিও জানান তিনি।
