সব সমালোচনার জবাব দেবেন না, হাসিনাকে পরামর্শ
সব সমালোচনার জবাব না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের মিত্র রাজনৈতিক দল জাসদের সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল।
বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, “নেত্রীর কাছে ক্ষুদ্র অনুরোধ করব, আপনার সব সমালোচনার জবাব দেয়ার দরকার নেই।
“কুকুরের ঘেউ-ঘেউয়ে তো রথের যাত্রা থেমে থাকে না। উন্নয়নই আমাদের ইতিহাসের নির্দিষ্ট আসনে বসাবে। উপেক্ষা করুন। দার্শনিকের উপেক্ষাই শ্রেয়।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে জাসদের কার্যকরি সভাপতি বাদল বলেন, “এক সময়ের বিরোধীদলীয় নেত্রী অপেক্ষার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। পাঁচ বছরের অপেক্ষার কষ্ট উনি সহ্য করতে পারবেন না। যা শুনি তাতে মনে হয় উনি অতৃপ্তির কবিতা আওড়াচ্ছেন।”
গণতন্ত্র অব্যাহত রাখতে বিএনপির কোনো অপরিহার্যতা নেই বলেও মনে করেন তিনি।
“প্রতিদিন টেলিভিশনের টক শোতে অনেক সমালোচনা হয়। বিভিন্ন সেক্টরের মানুষ তাদের কথা বলছে। গণতন্ত্রের চর্চার জন্য শুধু যে উনাদের (বিএনপি) প্রয়োজন হবে, সেটা নয়।”
জাসদ নেতা সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ আনতে অর্থমন্ত্রীকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ঢাকার ফুটপাত দখলমুক্ত করে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবিও জানান তিনি।
