‘রাজনীতি টানলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়’
সব বিষয়ে রাজনীতি টেনে আনলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয় বলে মন্তব্য করেছেন যোগাযাগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা সব ব্যাপারে পলিটিক্সকে ডেকে আনি, পলিটিক্সের গন্ধ খুঁজি, এজন্য উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়।
“উন্নয়নের বিষয়ে কারো পলিটিক্স করা উচিত নয়। দেশটা আমাদের সকলের, রাজনীতি যার যার উন্নয়ন সবার এই স্লোগান নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, “পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীতে টানেল অবকাঠামো কাজগুলো নেক্সট জেনারেশনের জন্য করা হচ্ছে। আমরা এগুলো করে যাচ্ছি ভবিষ্যতের জন্য, আগামী নির্বাচনের জন্য নয়।”
ফাইল ছবি
আগামী বছরের শুরুতে বিআরটি প্রকল্পের মূল কাঠামোগত কাজ শুরু হবে জানিয়ে কাদের বলেন, “এসব প্রকল্পে কিছুটা সময় লাগবে, তড়িঘড়ি করে শেষ করা যাবে না।”
তিনি জানান, এ প্রকল্পের আওতায় যানজট নিরসনে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পযন্ত ২০ কিলোমিটার দীর্ঘ বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) নির্মাণ করা হবে।
“এ প্রকল্পে আট লেন বিশিষ্ট টঙ্গী সেতু ও ৭টি ফ্লাইওভার নির্মাণ, গাজীপুরে একটি বাস টার্মিলান নির্মান হবে,” বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, সড়ক বিভাগ সচিব এম এ এন ছিদ্দিক, গাজীপুরের মেয়র এম এ মান্নানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
