ডাকসু নির্বাচনের দাবি এরশাদের
ডাকসুসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি স্বৈরাচার ছিলাম বলে অভিযোগ করা হত। কিন্তু আমার সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সময়মতো নির্বাচন হয়েছে। আপনারা বিগত ২২ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন দেননি।
ফাইল ছবি
এরশাদ বলেন, “আমরা চেয়েছিলাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, কিন্তু তা পাইনি। আজ দেশে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস চলে, টেন্ডারবাজি চলে, হানাহানি-খুনোখুনি চলে।”
বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গুরুত্বের বিষয়ে বলতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর উদাহরণ দেন তিনি।
“বাবলু আমার পার্টির মহাসচিব। যখন তার সঙ্গে পরিচয় হয়েছিল, সে ছিল ডাকসুর জিএস। আমাদের প্রথম পরিচয়ের সময় সে আমার প্রতিটি কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছিল। তখনই আমি তাকে আমার পার্টির জন্য উপযুক্ত ব্যক্তি বলে মনে করেছিলাম। কারণ যে ‘ইয়েস ম্যান’, সে ভালো লোক নয়।”
জাতীয় পার্টির সহযোগী সংগঠন ছাত্র সমাজের নেতা-কর্মীদের উৎসাহ দিয়ে এরশাদ বলেন, “তোমরা আমার হৃদয়ে আশার আলো উদ্ভাসিত করেছ। আজ যেখানে সর্বত্র মাদক, সন্ত্রাস সেখানে তোমাদের সুশৃঙ্খলতা আমাকে নতুন আশা দিয়েছে।
“মনে রেখো, আমরাই এখন জাতীয়তাবাদী শক্তির ধারক-বাহক। বিএনপি দিশাহারা। আমরা বিএনপিকে রিপ্লেস করব।…ক্ষমতায় যেতে হবে। এটা কঠিন কিছু নয়।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, এস এম ফয়সাল চিশতি, এরশাদের রাজনৈতিক ও প্রেসসচিব সুনীল শুভ রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।
