২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এরা হতাশ পার্টি, চোখে কালো চশমা’

আওয়ামী লীগের সমালোচনাকারী নাগরিক সমাজের প্রতিনিধি ও অর্থনীতিবিদরা জনগণকে বিভ্রান্ত করছেন বলে দাবি করেছেন শেখ ফজলুল করিম সেলিম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

তিনি মঙ্গলবার সংসদে বাজেট আলোচনায় বলেন, “ওরা আওয়ামী লীগের ভালো সহ্য করতে পারে না। তারা জন্মগতভাবে আওয়ামী লীগবিরোধী।

“তাদের অতীত খুঁজলে আসল চেহারা উন্মোচন হবে। এদের একটা দল আছে-হতাশ পার্টি। এরা সবকিছুতেই হতাশা দেখে।”

“এরা সব সময় কালো চশমা পরে থাকে। তারা সাদা কিছু দেখে না। টকশোতে তারা বিছমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, আল্লাহ হাফেজ বলে মিথ্যা শেষ করে।”

আগামী অর্থবছরের বাজেটে ধরা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ অর্জিত হবে না বলে অর্থনীতিবিদদের অনেকেই বলছেন। এছাড়া বড় ধরনের ঘাটতির এই বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলেও অনেকের মত।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, “যখনই বাজেট ঘোষণা হয়, তখন ওই সব লোক বাজেটকে উচ্চাভিলাষী, লক্ষ্যবিলাসী, অবাস্তব-এসব মন্তব্য করছেন।

“অন্য কোনো সরকার বাজেটের ৯০ শতাংশ বাস্তবায়ন করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগই তা পেরেছে। এবারও ৯৫ শতাংশ হয়েছে।”

গত বছর নাশকতার পরও সরকার অর্থনীতি সচল রাখতে পেরেছে দাবি করে তিনি বলেন, “বিএনপি-জামায়াত দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

“কিন্তু ওইসব ব্যক্তিদের মুখে তখন কোনো কথা ছিল না। টিভি টকশো, সেমিনারে গিয়ে তারা জনদরদী হয়ে যায়। অথচ তাদের দরজায় একজন ভিক্ষুকও যেতে পারে না।”

পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে ষড়যন্ত্র ছিল দাবি করে শেখ সেলিম বলেন, “পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংককে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ওই ব্যক্তি। সরকারকে হেয় করার জন্য হেন কাজ নেই, যা করেননি ওই ব্যক্তি।

“শুধু ওই ব্যক্তি না, নিউ ইয়র্ক টাইমসে নিবন্ধন লিখেছিলেন খালেদা জিয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্যে আমেরিকাকে অনুরোধও জানানোও হয়।”

র‌্যাব বিলুপ্তির দাবি জানানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “জিয়াকেও কিছু সেনা কর্মকর্তা হত্যা করে। তখন তো তিনি (খালেদা) সেনাবাহিনী বিলুপ্তির কথা বলেননি।

“ব্যক্তিবিশেষের অপরাধ প্রতিষ্ঠানের নয়। র‌্যাব এখন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বন্ধ করার যুক্তি নেই।”

শেখ সেলিম বলেন, “খালেদা জিয়া এখন বেসামাল হয়ে গেছেন। আইএসআই ’র পরামর্শে উনি নির্বাচন করেননি। আর কিছু প্রভু দেশ রয়েছে তার। এখন উনি এরশাদের পেছনে লেগেছেন; বলছেন, জিয়ার খুনি এরশাদ।

“এরশাদের কাছ থেকে বাড়ি নিয়েছেন, বিধবা ভাতা নিয়েছেন, এতিম ভাতা নিয়েছেন। এখন যে বাড়ি থেকে ৫ লাখ টাকা ভাড়া পান, যে বাড়ির বর্তমান মূল্য দেড়শ’ কোটি টাকা; তাহলে ঘৃণাভরে ওই বাড়ি ফেরত দিয়ে দিন।”

পাঁচ বছর আগে কোনো নির্বাচন হবে না জানিয়ে বিএনপিকে সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

তারেক রহমানকে ‘বেয়াদব’ আখ্যায়িত করে তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

শেখ সেলিম প্রতিটি সংসদীয় এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য সংসদ সদস্যদের বিপরীতে ৫ বছরে ১৫ কোটি টাকা করে বরাদ্দের প্রস্তাব করেন।

পুঁজিবাজারে ‘গেইন ট্যাক্স’ আরোপের প্রস্তাবের জন্য অর্থমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

“শেয়ারবাজারকে উনি আবার ফটকাবাজ বলেন। এসব বলে ভালো কিছু আসবে না। যেখানে কোনো বিনিয়োগই হয়নি, সেখানে অর্থমন্ত্রী ৬ শতাংশ গেইন ট্যাক্স বসিয়েছেন। এ ট্যাক্স প্রত্যাহারের অনুরোধ করছি।”

২৫ হাজার টাকার ওপরে বাড়ি ভাড়া হলে চেকের মাধ্যমে পরিশোধের প্রস্তাবও প্রত্যাহারের দাবি জানান শেখ সেলিম।

৩ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবি

নারায়ণগঞ্জ, ফেনী এবং ঢাকার মিরপুরে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু।

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এত বড় ঘটনা ঘটে গেল, দেশে তো ভূমিকম্প হয়ে যাওয়ার কথা ছিল।

“দুই-তিনটি ঘটনার জন্য শেখ হাসিনার এত বড় অর্জন নষ্ট হয়ে যেতে পারে না। আমরা তাদের (হত্যাকারী) ফাঁসিতে দেখতে চাই। ক্রিমিনালদের কোনো দল নাই।”

বাজেট নিয়ে সমালোচনার জবাবে খসরু বলেন, “সবাই সমালোচনা করতে পারে। তবে সেটা গঠনমূলক হতে হবে। বিএনপি সংসদের বাইরে থেকেও বাজেটের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু সেটা না করে তারা সরকারকে অবৈধ বলল।

“এই বাজেট কোন ব্যক্তির বা অর্থমন্ত্রীর নয়। এই বাজেট ৩৫০ জন সংসদ সদস্যের। এই হাউজ (সংসদ) চাইলে এটা রাখতেও পারে, চেঞ্জ করতে পারে।”