রেল ধ্বংসে সরকারবিরোধী চক্র সক্রিয়: মহিউদ্দিন
রেলওয়ের ভেতরের একটি মহলকে কাজে লাগিয়ে সরকারবিরোধী চক্র রেল ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি) এলাকায় রেলওয়ে শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেলে শূন্য পদে লোকোমাস্টার নিয়োগ, বন্ধ নিয়োগ প্রক্রিয়া চালু করা ও পোষ্য কোটায় লোক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মহিউদ্দিন বলেন, বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়ন ও উন্নয়নে ৩৪টি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দও দেয়া হয়েছে।
ফাইল ছবি
সাবেক মেয়র বলেন, এ কাজে রেলওয়ের ভেতরের বিরোধী মতাদর্শী বিশেষ মহলকে ব্যহার করা হচ্ছে। সরকার বিরোধী এ মহলটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, সরকার বিরোধী চক্র রেল গাড়ি ও স্টেশনে অগ্নিসংযোগ করে, ফিস প্লেট খুলে এবং বোমা ছুড়ে ও ভাংচুর করে রেলওয়ের প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি করেছে।
“সরকারকে বেকায়দায় ফেলতে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের এসব কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”
রেলওয়ে শ্রমিক লীগ নেতা অরুন চন্দ্রের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, রেলওয়ে শ্রমিক লীগের সাবেক নেতা সিরাজ উল্লাহ, নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান ও রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. লোকমান হোসেন প্রমুখ।
