বিএনপিকে নিয়ে এত কথা কেন, প্রশ্ন জাপা এমপির
মন্ত্রীদের বিএনপি-জামায়াত নিয়ে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
বিএনপিবিহীন দশম সংসদে মঙ্গলবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই পরামর্শ দেন জাতীয় পার্টির এই নেতা।
তাজুল বলেন, “সরকারদলীয় মন্ত্রীরা এই সংসদে বিএনপি-জামায়াত নিয়ে যত কথা বলেন, ততই তারা আলোচনায় আসেন, হাইলাইট হয়, টিভিতে চলে আসে। কেন এত কথা?”
নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপির ভোট বর্জনের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলে আস ছেন বিএনপির নেতারা।
তাজুল গত ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “নির্বাচনে অংশ না নেয়া যে কারোর ব্যক্তিগত অধিকার।
“ট্রেন মিস করলে আপনাকে পরের ট্রেনে যেতে হবে। তাই বলে স্টেশন ভাংচুর করতে পারেন না। এই স্টেশন ভাংচুর বন্ধ করতে হবে,” বিএনপির উদ্দেশে বলেন জাতীয় পার্টির এই নেতা।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তাজুল জ্বালানি তেলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর সমালোচনা করে বলেন, “অর্থমন্ত্রী আইএমএফ থেকে বের হতে পারছেন না। যে কারণে হয়তো জ্বালানি তেলের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়েছেন। আমরা কি ধরে নেব, আগামী বছর জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হবে?”
টায়ার ও বাই সাইকেলের টিউবের ওপর সম্পূরক শুল্ক আরোপের বিরোধিতা করে তিনি বলেন, এগুলোর সঙ্গে নিম্ন আয়ের লোকদের জীবিকা জড়িত। তাই দাম বাড়লে তাদের দুর্ভোগ বাড়বে।
বিদেশি ওষুধ, বিশেষ করে ইনসুলিনের ওপর বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবিও জানান তাজুল।
