‘আল-বদরদের পক্ষে যুক্তরাষ্ট্র আ.লীগের সভাপতি’
স্বাধীনতা বিরোধীদের পক্ষাবলম্বনের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।
নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার বিকালে ‘মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি’র ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ফুডকোর্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ -এর স্বীকৃতি আদায়ের জন্যে কর্মরত সংগঠক প্রদীপ রঞ্জন কর।
এসময় সংবাদ সম্মেলনকারীরা আল-বদর ও জামাত-শিবিরের সমন্বয়ে গঠিত তথাকথিত ‘সর্বজনীন সংবর্ধনা’ কমিটির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভিনন্দন জানান।
সম্প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদের যুক্তরাষ্ট্র সফরের সময় ওই সংগঠনটি থেকে তাকে সংবর্ধনা দেয়ার কথা ছিলো বলে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, “রাষ্ট্রপতির সর্বজনীন সংবর্ধনার নামে চিহ্নিত বদর-রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগে পুনর্বাসনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমান।
“এভাবে মহামান্য রাষ্ট্রপতির ইমেজকে বিতর্কিত করার জঘন্য একটি পাঁয়তারা চালানো হয়। রাষ্ট্রপতি তার নিজস্ব চ্যানেলে খোঁজ-খবর নেয়ার পর নিশ্চিত হন যে, ওই সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়াই শ্রেয়।”
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, মুক্তিযোদ্ধা সরাফ সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, “নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর অভিপ্রায়ে সিদ্দিকুর রহমান এখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেনের বিষোদগার করছেন-যা প্রকারান্তরে রাষ্ট্রপতির বিচক্ষণতাপূর্ণ সিদ্ধান্তকে আরো প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার সামিল।”
সংবাদ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এমন ব্যক্তিকে অপসারণের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, “যে সময়ে একাত্তরের ঘাতকদের বিচার এগিয়ে চলেছে, ঠিক সে সময়েই আলবদর-রাজাকার-জামায়াতের ঘনিষ্ঠ লোকদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত গুরুত্বপূর্ণ একটি সংগঠন সঠিকভাবে পরিচালিত হবে বলে কেউই মনে করেন না।”
