২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: সাজেদা

আওয়ামী লীগের গত মেয়াদে ঘোষিত উন্নয়ন পরিকল্পনার সবগুলো বাস্তবায়ন না হওয়ার জন্য বিএনপি-জামায়াত জোটের আন্দোলনকে দায়ী করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সংসদে সোমবার বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, “যারা দেশের উন্নয়ন চায় না, তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে আসছে।

“এটা প্রতিহত করতে হয়েছে গত বছরজুড়ে। সেজন্য যে উন্নয়ন আশা আশা করেছিলাম, তা হয়নি।”

সংসদ উপনেতা সাজেদা যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে জামায়াতে ইসলামীর নাশকতাকেও এজন্য দায়ী করেছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শেষ বছর ২০১৩ সালে যুদ্ধাপরাধের বিভিন্ন মামলার রায় ঘিরে নাশকতা চালায় জামায়াতকর্মীরা। সেইসঙ্গে হেফাজতে ইসলামীর তাণ্ডবও ছিল।  

এরপর নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা হরতাল-অবরোধ ছিল বছরের শেষ সময়টাজুড়ে।  এর মধ্যেই নির্বাচন করে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেন শেখ হাসিনা।

Image
সৈয়দা সাজেদা চৌধুরী (ফাইল ছবি)

সৈয়দা সাজেদা চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির সংলাপের আহ্বানের প্রতিক্রিয়ায় দীপু মনি বলেন, “আপনি (খালেদা জিয়া) এখন সংলাপ করতে চান। আপনি শান্তির বদলে সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু এখন কেন সংলাপ চাচ্ছেন?

“নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। আপনার আশার গুঁড়ে বালি পড়েছে বলেই কি সংলাপ চাচ্ছেন? আগে নিজেকে, দলকে এবং সন্তানকে ঠিক করুন। সংলাপ হবে। সংলাপের জন্য অপেক্ষা করতে হবে।”

আওয়ামী লীগ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, “একটি বড় রাজনৈতিক দল অহেতুক নির্বাচনে অংশ নিয়ে সহিংসতার পথ বেছে নেয়। তারা আন্দোলনে সফল হতে পারে নাই। তারা আবারো আন্দোলনের কথা বলেছে। আন্দোলনে তারা পরাজিত হবে। বারবার পরাজিত হবে।”

বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলী সরকার বলেন, “জয়ের (সজীব ওয়াজেদ জয়) জিন শেখ মুজিবের জিন। আর তারেকের জিন স্বৈরশাসকের জিন।”

যারা প্রস্তাবিত বাজেটের সমালোচকদের সমালোচনা করে সরকারদলীয় সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, “সুশীল সমাজ সকাল-বিকাল আবোল-তাবোল বলছে। তার সঙ্গে বিএনপি-জামাত যোগ দিয়েছে।”

সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সুশীল সমাজের কঠোর সমালোচনা করে বলেন, “সুশীলরা প্রস্তাবিত বাজেট নিয়ে নানা ধরনের সমালোচনা করলেও তার কোনো বিকল্প পথ দেখাতে ব্যর্থ হয়েছেন।

“তারা (সুশীল সমাজ) বিদেশের স্বার্থ দেখে। বিদেশিদের পদলেহন করে তারা।”

আবাসন খাত ও পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেয়ার প্রস্তাব করে তরীকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, “কালোটাকা সাদা করার সুযোগ না থাকলে এদেশে আরো তারেক রহমান-কোকোদের জন্ম হবে। বিদেশে চুরি করে টাকা পাচারের ইতিহাস আরো বৃদ্ধি পাবে।”

জঙ্গিবাদ মোকাবেলায় বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের সুপারিশ জানিয়ে তিনি বলেন, “দেশ থেকে জঙ্গিবাদের মুলোৎপাটন করা হলেও জঙ্গিবাদের ভূত রয়ে গেছে। এ কারণে রাতের আঁধারে হেফাজত ও লালবাগের মৌলবাদীরা সরকার উৎখাতের স্বপ্ন দেখেছিল। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানের প্রেতাত্মা ভুতেরা এখনও ক্রিয়াশীল আমাদের দেশে।”

নাবিল আহমেদ তার জেলা যশোরে বিমানবন্দরের উন্নয়েন, গ্যাস সংযোগ নিশ্চিত ও তথ্য প্রযুক্তি পার্ক নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন এবং যশোর-খুলনা মহাসড়কের উন্নয়নের দাবি জানান।

আলোচনায় দাঁড়িয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক নিয়ে বলেন, “বিশ্ব রাজনীতিতে চীন ও ভারত ইমার্জিং পাওয়ার। ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ।

“এই অবস্থান কাজে লাগাতে পারলে আমরা চীন ও ভারতের মতো অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারি।”

“ভারত তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে,” বলেন মন্ত্রী।