নারায়ণগঞ্জ উপ-নির্বাচন: অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি
নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিচার বিভাগের দুই কর্মকর্তাকে নিয়ে ‘নির্বাচনী তদন্ত কমিটি’ করেছে সরকার।
গত ১৫ জুন নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) এই কমিটি গঠন করে। ১৮ জুন এই কমিটির গেজেট প্রকাশ করা হয়েছে।
নারায়ণগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ হাবিবা বেগম এবং নারায়ণগঞ্জের সহকারী জজ মুহাম্মদ মাজহারুল ইসলামকে এই কমিটিতে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
আগামী ২৬ জুন এই আসনের উপ-নির্বাচন হবে। এই আসনের ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ কে এম সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে এবং নাগরিক পরিষদের প্রার্থী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আকরাম আনারস প্রতীক এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার গামছা প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ চিংড়ী প্রতীকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জের এই উপ-নির্বাচনে বন্দর ও নারায়ণগঞ্জ সদরের ভোটারদের ক্রমিক নম্বর ও কেন্দ্র ইসির ওয়েবসাইটে (http://ecs.gov.bd/) পাওয়া যাচ্ছে।
পাশাপাশি এই আসনের ভোটাদের এলাকাভিত্তিক তালিকাও রয়েছে কমিশনের ওয়েবসাইটে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের হোম পেইজের ডান দিকের কলামের দ্বিতীয় সারিতে ‘নারায়নগঞ্জ-৫ এর ভোটকেন্দ্রের তথ্য’ লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেইজ এবং বক্স (উইন্ডো) খুলবে।
পরিচয়পত্রের নম্বর দিয়ে উইন্ডোটি পূরণ করে নিচের বক্সে সিকিউরিটি কোড লিখে ‘খুঁজুন’ অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের নাম।
