২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আহ্বান বান কি-মুনের

বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে নতুন করে সব রাজনৈতিক দলের সংলাপ প্রত্যাশা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 10:04 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

১৯ জুন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রত্যাশার কথা জানান বলে শনিবার ঢাকায় জাতিসংঘ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, “মেয়াদ শেষ হলেই বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে সরকার যে কোনো ব্যক্তি বা দলের সঙ্গে সংলাপে রাজি আছে।”

তার ওই বক্তব্যের সমালোচনা করে দশম সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি বলেছে, রাষ্ট্রপতি জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, “মহাসচিব চলতি বছরের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের আগে রাজনৈতিক দলগুলো সর্বসম্মত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

“তিনি সংসদের বাইরে বিদ্যমান বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি অর্জনের ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।”

৫ জানুয়ারির  নির্বাচন বর্জন করে এখন সংসদের বাইরে থাকা বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানিয়ে আসছে।

তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে অর্থাৎ পাঁচ বছর আগে কোনো নির্বাচন হবে না।

দশম সংসদ নির্বাচনের আগে দুই প্রধান নেত্রীকে সংলাপে বসাতে জাতিসংঘ থেকে বিভিন্ন মহলের তৎপরতা ছিল। বান কি-মুনের বার্তা নিয়ে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

তারানকো দুই দলকে নিয়ে কয়েকদফা বৈঠক করলেও তাতে কোনো ফল আসেনি। এরপর বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যেই ভোটের পথে এগিয়ে যায় আওয়ামী লীগ এবং নতুন করে সরকার গঠন করে।    

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বান কি মুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও চরম দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদও জানান তিনি।

বলিভিয়া সফর শেষে যুক্তরাষ্ট্র গিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করে আবদুল হামিদ।

শনিবার বাংলাদেশ সময় রাতে তিনি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।