খালেদা বগুড়ায়
জয়পুরহাটের জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বগুড়ায় রাত কাটাবেন তিনি।
শনিবার বিকাল সাড়ে ৪টায় গুলশানের বাসা থেকে খালেদার গাড়িবহর যাত্রা শুরু করে। রাতে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
বগুড়ায় পৌঁছালে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন ও সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল বেলা ১২টার সার্কিট হাউজ থেকে চেয়ারপারসন জয়পুরহাটের উদ্দেশে রওনা হবেন। বিকালের জনসভা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি।”
গুম-খুন-হত্যার প্রতিবাদে রোববার বিকাল ৩টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে জনসভায় প্রধান অতিথি থাকবেন খালেদা।
বগুড়ার পথে খালেদার সঙ্গে একই গাড়িতে রয়েছেন মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা। বিএনপি নেতারাও যাচ্ছেন তার সঙ্গে।
দুর্ঘটনায় মারুফ কামাল
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জের চৌরাস্তার মোড়ে আইল্যান্ডের ওপর উঠে যায় খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খানের গাড়ি।
রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ চৌরাস্তার কাছে এই দুর্ঘটনায় পড়ে গাড়িটি।
মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে সামান্য আহত হয়েছেন তিনি।
