ঈদের পরই কর্মসূচি: খালেদা
নির্দলীয় সরকারের দাবিতে আগাম নির্বাচনের দাবিতে ঈদের পরই আন্দোলনের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার গুলশানে নিজের কার্যালয়ে ঢাকা বিভাগে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
খালেদা বলেন, “সকলে বলছে- আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আমরা ঈদের পরই আন্দোলনের কর্মসূচি দেব।
“এবার আর আন্দোলনকে সরকার রুখতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পুলিশ-র্যাবও অস্ত্র চালাতে পারবে না।”
নির্দলীয় সরকার না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচন শেষে আন্দোলনের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছিলেন খালেদা।
তবে উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর তিনি সরকারকে আরো সময় দেয়ার কথা জানিয়ে কর্মসূচি ‘যথাসময়ে’ দেয়ার কথা বলেন।
বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন এবং সে লক্ষ্যে সংলাপ চাইলেও তাতে সাড়া মিলছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের।
খালেদা বলেন, “৫ জানুয়ারি কোনো ভোট হয়নি। বিদেশিরাও বলেছে, সুষ্ঠু নির্বাচন দিতে। দেশের মানুষ দাবি তুলেছে, দ্রুত দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন। নইলে আন্দোলনে এদের বিদায় করতে হবে।”
আওয়ামী লীগের শাসনের সমালোচনা করে তিনি বলেন, “দেশে কোনো উন্নয়ন নেই। উন্নয়নের অর্থ ক্ষমতাসীনরা ভাগাভাগি করে। বৃহৎ বৃহৎ প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে তারা কমিশন পায়। সিলেটে স্টেডিয়ামের দেয়াল ভেঙে পড়েছে, কারণ ওই নির্মাণ প্রকল্পেও দুর্নীতি হয়েছে।”
উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি নেতাদের অভিনন্দন জানিয়ে দলীয় চেয়ারপারসন বলেন, “আপনারাই জনগণের ভোটে সত্যিকারের নির্বাচিত প্রতিনিধি। তাই সব-সময় এলাকার মানুষের পাশে থেকে আপনারা কাজ করবেন।”
সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি বর্তমান সরকারের অধীন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে বিজয়ী দলের নেতাদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিভাগের প্রায় ৮০ জন অংশ নেন।
তাদের উদ্দেশে খালেদা বলেন, “এই অবৈধ সরকার স্থানীয় সরকার পর্যায়েও এমন দলীয়করণ করেছে, তারা বিরোধী দলের নির্বাচিতদের উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ দেবে না। এই বিষয়গুলো আপনারা জনগণকে জানাবেন।”
আগামীতে ভোটকেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেয়ার সুযোগ ক্ষমতাসীনরা পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
র্যাবের বিলুপ্তির দাবি আবার জানিয়ে খালেদা বলেন, “র্যাব কিংবা পুলিশ কোথায় অন্যায় কাজ করলে তাদের ঘেরাও করুন। মাঝ রাতে তারা ঘর থেকে মানুষ তুলে নিতে আসলে তা হতে দেবেন না।”
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বক্তব্য রাখেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদরের আতাউর রহমান আতা, সিংগাইরের আবিদুর রহমান খান রোমান, কুমিল্লার মনোহরগঞ্জের ইলিয়াস পাটোয়ারি, জামালপুরের ইসলামপুরের আলী নেওয়াজ খান লোহানী বিপুল, ঢাকার ধামরাইয়ের মো. তমিজ উদ্দিন, নবাবগঞ্জের খন্দকার আবু আশফাক, মানিকগঞ্জের দৌলতপুরের তোজাম্মেল হক তোজা, শেরপুরের ঝিনাইগাতীর আমিনুল ইসলাম বাদশা।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে ঢাকার দোহারের মাসুদ পারভেজ, মানিকগঞ্জের সাটুরিয়ার সোহরাব হোসেন, নরসিংদী সদরের উম্মে সালমা মায়া, কিশোরগঞ্জ সদরের কামরুন নাহার লুনা বক্তব্য রাখেন।
চেয়ারম্যানদেনর মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের কাপাসিয়ায় খন্দকার আজিজুর রহমান পেয়ারা, ঢাকার দোহারের কামরুল হুদা, সাভারের কফিল উদ্দিন, নেত্রকোনার কেন্দুয়ার দেলোয়ার হোসেন ভুঁইয়া, শেরপুরের ঝিনাইগাতির আমিনুল ইসলাম, নালিতাবাড়ির এ কে এম মুখলেসুর রহমান রিপন, জামালাপুরের সরিষাবাড়ির ফরিদুল কবির তালুকদার, মুন্সীগঞ্জের শ্রীনগরের মমিন আলী,ময়মনসিংহের ফুলপুরের আবুল বাশার আখন্দ, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আজহারুল ইসলাম মান্নান।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে গাজীপুরের শ্রীপুরের শেখ ফরিদুজ্জামান স্বপ্না, টাঙ্গাইলের বাসাইলের রাশেদা সুলতানা রুবি, ময়মনসিংহ সদরের খালেদা আতিক, রাজবাড়ী গোয়ালন্দের নার্গিস পারভিন, সদরের বিউটি আখতার উপস্থিত ছিলেন।
