‘সিদ্ধ নির্বাচনে বিএনপি-জামায়াত-হেফাজত ফরমালিন’
‘সিদ্ধ’ নির্বাচনের জন্য বিএনপি, জামায়াতে ইসলাম এবং হেফাজতে ইসলাম ফরমালিন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “ফরমালিনযুক্ত আম দেখতে সুন্দর হলেও ক্ষতিকারক। বিএনপি-জামাত-হেফাজত হচ্ছে সিদ্ধ নির্বাচনের ফরমালিন।”
বিএনপি-জামাত-হেফাজতকে রাজনীতি থেকে বাইরে রেখে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে ইনু বলেন, “বিএনপি-জামাত-হেফাজত গণতন্ত্রের শক্তি নয়। এদের নিয়ে সিদ্ধ নির্বাচন হয় না।
“জঙ্গিবাদকে রাজনীতির মাঠে খেলতে দেব কি দেব না- সেটা নিয়ে সংলাপ করতে হবে। ‘সিদ্ধ’ নির্বাচন চাইলে বিএনপি-জামাত-হেফাজত নয়।”
৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার কর্মকাণ্ডের সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, “উনার নির্বাচনে যাওয়ার আগ্রহ ছিলো না। উনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চেয়েছেন। উনি সংলাপ এড়িয়েছেন। আমরা সেটা হতে দেইনি।”
“এর অর্থ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনায় বিশ্বাস করেন। সমালোচনা মাথায় নিয়ে চলেন। আমরা সমালোচনায় কাতর হই না। কাহিল হই না।”
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে বগুড়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, “সন্তান মানুষ করার জন্য রাষ্ট্রীয় যে ভাতা নিয়েছেন তা ফেরত দেন। সন্তান মানুষ করতে না পারার দায় স্বীকার করেন।”
“আপনার ছেলে বইয়ের প্রকাশনা উৎসব করে বেড়ায়। জানতে চাই তার শিক্ষাগত যোগ্যতা কি?”
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার নামে তো রাজনৈতিক মামলা নেই, আছে হত্যা-মামলা। তাহলে দেশে আসেন না কেন? দিল্লি-হিল্লি ঘুরে বেড়াচ্ছেন আর রাজা-বাদশার মত জীবন যাপন করছেন।
“দেশে আসেন, মামলা মোকাবেলা করেন। রাজনীতি করতে চান, করেন।”
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করে আব্দুল মান্নান বলেন, “এরশাদ সাহেব কিছুদিন আগে রংপুরে গিয়ে বলেছেন, যে নির্বাচন হয়েছে সেটা নির্বাচন নয়। সামনে যেটা হবে, সেটা নির্বাচন হবে।
“আমি বলতে চাই, আপনি যদি নির্বাচন না মানেন তাহলে কেন অংশ নিলেন? যে মনোনয়নপত্র দিয়েছিলেন তাতো আপনারই দেয়া, আপনার স্বাক্ষর ছিলো।”
“আপনি শপথ কেন নিলেন? কেউতো জোর করেনি। আপনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন, সেটা আপনিই চেয়েছেন।”
আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস প্রস্তাবিত বাজেট নিয়ে সুশীল সমাজের বক্তব্যের সমালোচনা করে বলেন, “নির্বাচিত না হয়ে যারা গাড়িতে পতাকা ওড়াতে চায়, তাদের কোন ভিত্তি নেই। জনসমর্থন নেই। নির্বাচন করলে যাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়, তারাই এসব কথা বলেন।”
