গুম-খুনের বিচার হবে ‘আন্তর্জাতিক’ আদালতে: খালেদা
বিএনপি ক্ষমতায় এলে গুম-খুনের ‘সুষ্ঠু’ বিচারের পাশাপাশি আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নেয়া হবে বলে অঙ্গীকার করেছেন খালেদা জিয়া।
রোববার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যত দিন যাচ্ছে, দেশে গুম-খুন বাড়ছে। দেশে আজ মানবাধিকার পদে পদে লঙ্ঘিত একদিন এর হিসাব আওয়ামী লীগ সরকারকে দিতে হবে।
“যারা গুম-অপহরণ-খুন করেছে, কেউ এ থেকে মাফ পাবে না। ভবিষ্যতে দেশে এর বিচার হবে। আন্তর্জাতিক আদালতেও তাদের বিচার করা হবে।”
লক্ষ্মীপুর জেলায় গুম-খুন-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।
তার গুলশানের কার্যালয়ে এই অনুষ্ঠানে ৪৫ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের তাদের বেদনার কথা দলীয় চেয়ারপারসনের কাছে তুলে ধরেন।
লক্ষ্মীপুরের বিএনপি নেতারা নেতারা দাবি করেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় ৪৫ জন নিহত অথবা গুম হয়েছেন।
গুম-হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনীর বিলুপ্তির দাবি পুনরায় জানান খালেদা। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
“লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে ঠিকভাবে রিমান্ডে নিলে সে বলে দেবে জিয়ার নাম। হাসিনার নামও এরপর আসবে।”
র্যাবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান রেখে বিএনপি চেয়ারপারসন বলেন, “র্যাব কোথাও গেলে তাদের ঘেরাও দেবেন। মানুষজনকে এদের বিরুদ্ধে সম্পৃক্ত করুন।”
অবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচন দাবি করে তিনি বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দ্রুত নির্বাচন দিন।”
মিরপুরে আটকে পড়ার পাকিস্তানিদের ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগে ১০ জনের মৃত্যুর জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেন খালেদা।
“এই দলটি কত নির্মম। আওয়ামী লীগের কর্মীরা ও পুলিশ মিলে মিরপুরে মানুষজনকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে । আওয়ামী লীগ মানুষ নয়, তারা পশু, দানব।”
লক্ষ্মীপুর জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু, স্থানীয় নেতা ওয়াহিদ চেয়ারম্যান, শাহজাহান চেয়ারম্যান, তোফায়েল আহমেদ প্রমুখ।
নিহত নেতা-কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে কাওসার হামিদ, সালমা ইসলাম মায়া, মনোয়ারা বেগম, পারভীন আখতার বক্তব্য রাখেন।
