বিভেদ ভুলে আন্দোলনের প্রস্তুতি নিন, নেতাকর্মীদের প্রতি তরিকুল
দলীয় বিভাজন ভুলে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “গুম-খুন-হত্যা থেকে মুক্তি পেতে এবং দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে হলে দলের সব বিভাজন ভুলে যেতে হবে। এই সরকারের পতন ঘটাতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।”
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়।
শিকড় প্রকাশনীর এই বইটি সম্পাদনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ১৪৩ পৃষ্ঠার বইয়ের দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
গ্রন্থটি নিয়ে তরিকুল বলেন, “এই গ্রন্থ আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের বক্তব্য তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে।
“আওয়ামী লীগ সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতেই নানা মিথ্যাচার করছে। রাষ্ট্রযন্ত্র ও প্রচার মাধ্যম ব্যবহার করে তারা সত্যকে মিথ্যা বলে প্রচার করছে। এই সময়ে তারেক রহমানের সম্পাদিত এই গ্রন্থটি সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে বলে আমরা মনে করি।”
বর্তমানে দেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতি পার করছে মন্তব্য করে তরিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তথা বিএনপিকে সহ্য করতে পারছে না বলেই তাদের বিরুদ্ধে নানা মিথ্যাচার করে যাচ্ছে।”
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “গুম-খুন, ব্যাংক ডাকাতি, বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতির মূল উৎপাটনসহ গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।”
সমমনা দলসহ দেশের সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন মিয়া, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দিনকালের সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার বক্তব্য রাখেন।
কবি আল মাহমুদ মঞ্চে থাকলেও অসুস্থতার কারণে কোনো বক্তব্য রাখেননি।
অতিথি সারিতে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা শমসের মবিন চৌধুরী, আবদুল মান্নান, মীর মোহাম্মদ নাসির, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন এ্যানি, নাসির উদ্দিন অসীম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, আবদুল কাদের জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রেহানা আখতার রানু, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী আখতারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
