সংলাপে না বসলে আন্দোলন: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, দ্রুত নির্বাচনের জন্য সংলাপ না হলে আন্দোলনে যাবেন তারা।
বুধবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা সবদলের অংশগ্রহণে দেশে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাই। এজন্যই আমাদের নেত্রী সংকট উত্তরণে সংলাপের কথা বলেছেন।”
সংলাপ না হলে দলের অবস্থান কি হবে জানলে চাইলে তিনি স্পষ্টভাষায় বলেন “সংলাপ না হলে আন্দোলন আন্দোলন আন্দোলন হবে।”
সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে মির্জা ফখরুল শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি সব সময় বলে আসছে, সংলাপই সংকট উত্তরণের একমাত্র পথ। ৫ জানুয়ারির আগেও আমরা সংলাপের কথা বলেছি। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। ৫ জানুয়ারি নির্বাচনের শেষের দিকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় দুইদিন সংলাপ হয়েছিলো, তাও ফলোপ্রসু হয়নি।”
সংলাপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগ্রহের কথা জানানোর পর সরকারের একজন মন্ত্রীর প্রতিক্রিয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, “ক্ষমতাসীনরা অতীতেও এরকম কথা বার বার বলেছে। দেশের জনগণ তাদের ওই বক্তব্য প্রত্যাখান করেছে। তারা চায় অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন।”
“আমরা মনে করি, ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। এই সরকারের ক্ষমতা ধরে রাখার কোনো অনৈতিক অধিকারও নেই।”
সংলাপের আলোচ্যসূচি কি হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের এজেন্ডা একটাই। তা হচ্ছে- সব দলের অংশগ্রহণে অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচন।”
গত ৮ জুন রাতে গুলশানের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক উগো ওসটুটোর সঙ্গে বৈঠকে খালেদা জিয়া সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যেকোনো মুহূর্তে সংলাপে বসার আগ্রহের কথা জানান।
