২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উর্দি পরা একনায়কতন্ত্র দেখেছি, এখন দেখছি উর্দিবিহীন: ফখরুল

বাজেটের সমালোচনা উর্দিপরাদের মানায় না- সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের জবাবে বর্তমান শাসনকে ‘উর্দিবিহীন একনায়কের শাসন’ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:08 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আশরাফ সাহেবকে বলতে চাই, অতীতে আমরা উর্দিপরা একনায়কতন্ত্র দেখেছি। এখন উর্দি ছাড়া একনায়কতন্ত্রের শাসন দেখছি। স্বৈরতন্ত্রের বাবা এখন দাদা হয়ে গেছে।”

বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সামরিক শাসনামলের কথা তুলে বলেছিলেন, “যারা উর্দি পরে সংসদে বাজেট দিয়েছিলেন, তাদের মুখে বাজেট নিয়ে সমালোচনা শোভা পায় না।”

আওয়ামী লীগ নেতার সমালোচনার জবাবে তাদের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সামরিক শাসনামলের কথা তুলে ধরেন বিএনপির মুখপাত্র ফখরুল।

জিয়ার ক্ষমতা দখল নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলের চিত্র তুলে ধরেন তিনি। 

“ওই সময় শেখ মুজিবুর রহমান সংসদে দম্ভ করে বলেছিলেন, লাল ঘোড়া দাবড়িয়ে দেব। ১৯৭৫ সালে সংসদে মাত্র ১১ মিনিটে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। এবারো সংবিধানে পঞ্চদশ সংশোধনী করে একদলীয় শাসন চলছে।”

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।

দেশে গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জালেম-জুলুমবাজ সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

নারায়ণগঞ্জের সাত খুনের প্রেক্ষাপটে র‌্যাব বিলুপ্তির দাবি পুনরায় জানিয়ে ফখরুল বলেন, “৭ খুনে এখন র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকার কথা উঠেছে। জনগণের অর্থে যে সংস্থা গঠিত হয়েছে, তারা কি না এখন মানুষের জীবন হরণ করছে!”

ওসমান পরিবারের পাশে থাকতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, “নারায়ণগঞ্জের গডফাদার কে, সবাই জানে। যে দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ওই চিহ্নিত গডফাদার সন্ত্রাসীর পক্ষে কথা বলেন। সেখানে কিভাবে ইনসাফ থাকতে পারে?”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এই আলোচনা সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইরাহিম, বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা,  মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, আবুল হোসেন, সানোয়ার হোসেন প্রমুখ।