কর্পোরেট কর কমছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর কর্পোরেট কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একইসঙ্গে ব্যবসায়িক টার্নওভারের ওপড় ন্যূনতম কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে তালিকাভুক্ত কোম্পানি, ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় করপোরেট করহার কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “কর্মসংস্থান নিশ্চিত করতে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে করপোরেট করের হার কমানোর প্রস্তাব করছি।”
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর কর ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে বিদ্যমান ২৭ দশমিক ৫০ শতাংশ করহার রাখার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর করহার আগের মতোই ৪২ দশমিক ৫০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। এখাতের পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত না হওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একই করহার থাকছে।
এদিকে করহার আগেই অবস্থায়ই রাখা হয়েছে মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে। এ খাতের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে ৪৫ শতাংশ করহার অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
