জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি
আগামী ৯ জুন সারা দেশে জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে রাজধানীতে কোনো সমাবেশ করবে না তারা।
বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “সারা দেশে গুম-অপহরণ-খুন চরমমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। অবৈধ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব এক কিলিং স্কোয়াডে পরিণত হয়েছে।
ফাইল ছবি
“টাকার বিনিময়ে গডফাদারদের দুষ্কর্মের সঙ্গী হয়ে তারা (র্যাব) বিরোধী নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষকে হত্যার বাণিজ্যে নেমেছে। র্যাব-১১ এর গ্রেপ্তার এক কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে তা বেরিয়ে আসছে। আমরা এহেন উদ্বেগজনক পরিস্থিতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করছি।’’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “ইনু সাহেবের মতো পরান্নজীবী বাস্তুচ্যুত বামপন্থীরা অপহরণ ও লাশের মিছিলের বাস্তবতায় এখন মন্ত্রী হয়েছেন।
“সুতরাং নিজের এই অবৈধ চাকরিকে টিকিয়ে রাখার জন্য অবৈধ মনিব প্রধানমন্ত্রীকে সবসময় খুশি রাখতে বিরোধী দলের বিরুদ্ধে নানা মিথ্যা, উস্কানি ও অসভ্যতামূলক বক্তব্য দিচ্ছেন। আমরা এহেন বক্তব্যের নিন্দা জানাই।’’
সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রদলের কর্মী তৌহিদুল ইসলাম খুন হওয়ার জন্য ছাত্রলীগকে দায়ী করে এ ঘটনার নিন্দা জানান তিনি।
অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি করেন বিএনপির এই নেতা।
১৯ দলীয় জোটের কলেবর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব জানান, বুধবার খালেদা জিয়ার সভাপতিত্বে জোটের বৈঠকে সাম্যবাদী দলের (একাংশ) অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনা হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।
ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান উপস্থিত ছিলেন।
