২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ দলের বৈঠকে সাম্যবাদী দল নিয়ে আলোচনা

দিলীপ বড়ুয়া নেতৃত্বাধীন সাম্যবাদী দল থেকে বেরিয়ে আসা অংশটিকে নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের বৈঠকে আলোচনা হলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:33 AM

Updated : 25 Apr 2022, 04:16 PM

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করার একদিন পর বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

খালেদার সভাপতিত্বে বৈঠকের পর জাগপা প্রধান শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, “সাম্যবাদী দলকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি ইতিবাচক। এ ব্যাপারে আমরা নেত্রীকে পরামর্শ দিয়েছি।”

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে ১৯ দলের নেতারা জানিয়েছেন।

বৈঠকে এলডিপির অলি আহমেদ, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান অংশ নেন।

সাম্যবাদী দল (এমএল) আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে রয়েছে। দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া মন্ত্রীও ছিলেন শেখ হাসিনা নেতৃত্বাধীন গত সরকার।

তার মন্ত্রিত্ব নিয়ে বিরোধ দেখা দিলে দল থেকে বহিষ্কৃত হন সাঈদ আহমেদ। এরপর তিনি আলাদা দল গঠন করেন। ওই দল নিয়েই ১৯ দলে যোগ দিতে যাচ্ছেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গত বছর চারদলীয় জোট থেকে ১৮ দলীয় জোট গঠন করেছিল বিএনপি।

পরে কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই জোটে যোগ দিলে তা ১৯ দলীয় জোট হয়। তবে এর মধ্যে কয়েকমাস আগে জোট ছাড়ার ঘোষণা দেয় শেখ আনোয়ারুল হক নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী।

পুরনো খবর:

দিলীপ বড়ুয়ার সঙ্গ ছেড়ে খালেদার সঙ্গে