২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে বসছেন খালেদা

বিগত মহাজোট সরকারের মন্ত্রী দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দলের একাংশ জোটে আসার সিদ্ধান্ত নেয়ায় ১৯ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:18 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

মঙ্গলবার রাতে সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর সাঈদ আহমেদ জানান, তারা ১৯ দলীয় জোটে যোগ দিতে যাচ্ছেন।

গত সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় যোগ দিলে সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়াকে পাঁচমাসের সময় বেধে দিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগের আহবান জানায় দলের একাংশ। পরে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় বিদ্রোহীরা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাঈদ আহমেদ বলেন, “এরপর থেকে সুপ্রিম কাউন্সিল গঠন করে আমরা বাংলাদেশের সাম্যবাদী দল পরিচালনা করে আসছি।”

দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে রয়েছে।

বর্তমানে ১৯ দলীয় জোটে আছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, কল্যাণ পার্টি. জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, ন্যাপ ভাসানী, ন্যাপ, লেবার পাটি, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, পিপলস লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ এবং জাতীয় পার্টি (কাজী জাফর)।

গত ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে দলের চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে মতবিরোধের দলের একাংশ নিয়ে আলাদা পার্টি গঠন করে ১৯ দলীয় জোটে যোগ দেন কাজী জাফর।

গত ১৭ এপ্রিল ১৯ দলীয় জোটের সর্বশেষ বৈঠক হয়। তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চের বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।