সরকার হটানো ছাড়া উপায় নেই: ফখরুল
বর্তমানে দেশে কোনো কিছু ওপর সরকারের ‘নিয়ন্ত্রণ’ নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার হটানো ছাড়া কোনো গত্যন্তর নেই।
সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “১৯৭২-৭৫ সালের মতো আওয়ামী লীগ এবারোও দেশের অর্থনীতিসহ সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আজ দেশে কোনো সরকার নেই। কোনো কিছুর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
“সদ্যবিদায়ী জার্মান রাষ্ট্রদূত চলে যাওয়ার আগে বলে গেছেন, বাংলাদেশে এমন কতগুলো জায়গা আছে, সেখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে ‘সরকার হটানো ছাড়া কোনো গত্যন্তর নেই’ মন্তব্য করে সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মুখপাত্র।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, “অবৈধ সরকার বললে ক্ষমতাসীনরা অসন্তুষ্ট হয়। উল্টো বিএনপিকে তারা অবৈধ বলছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপির জন্ম গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিবেশে। রাষ্ট্রের নিয়মনীতি অনুসরণ করে এই দল প্রতিষ্ঠা হয়েছে।”
তিনি বলেন, “১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে কবর দিয়েছেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দলটির পুনর্জন্ম দিয়েছেন।”
ফাইল ছবি
“এখন কিনা ওই ঘটনা ঢাকতে আওয়ামী লীগ সরকারের বটতলার উকিলরা স্বাধীনতার ঘোষক জিয়াকে খুনী বলে। এভাবে তারা মিথ্যাচার করে ইতিহাস বিকৃত করতে পারবে না।”
জিয়াউর রহমানকে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এমন কোনো জায়গা নেই, যেখানে তার (জিয়া) ছাপ নেই। তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন।
“দুটি কারণে জিয়া চির স্মরণীয় হয়ে আছেন। এটি হচ্ছে- ১৯৭১ সালের ২৫ মার্চ জাতির সংকট মুহূর্তে জীবনবাজী রেখে স্বাধীনতার ঘোষণা প্রদান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংকটকালে জাতির নেতৃত্ব নেয়া।”
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, সহসভাপতি মেহেদি আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
