২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ‘সক্রিয়’ বিরোধী দল

বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বলে এক কূটনীতিককে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 11:57 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলভের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে নিয়ে স্পিকারের এই প্রশংসা উঠে আসে, যে দলটিকে ‘গৃহপালিত’ বিরোধী দল বলে আসছে বিএনপি।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সংসদ ভবনে বৈঠকে স্পিকার তাকে বাংলাদেশের সংসদীয় কার্যক্রম সার্বিকভাবে জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার বলেন, “দশম জাতীয় সংসদে বিরোধীদল সক্রিয়ভাবে সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে এবং সংসদীয় কার্যক্রম প্রাণবন্তভাবে চলছে।”

নিকোলভ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ তাদের পাশে থাকবে।

শিরীন শারমিনও বলেন, বাংলাদেশ সব সময় আন্তঃসংসদীয় সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সঙ্গে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের মাধ্যমে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।

মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন স্পিকার।