জামিন নিলেন বিএনপি নেতা শামসুল
চেক প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি ও এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি অন্তর্বর্তীকালীন জামিন নেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আদালত পরবর্তী শুনানির জন্য ধার্য দিন ১৭ জুন পর্যন্ত এই জামিন দিয়েছেন।
গত বৃহস্পতিবার এ মামলায় আদালত এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আদালত সূত্র জানায়, বেসরকারি ইসলামী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের জন্য গত বছর ছয় কোটি ৫৭ লাখ টাকার একটি চেক জমা দেয় এমইবি গ্রুপ। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত আসে।
এ ঘটনায় ব্যাংকটির আন্দরকিল্লা শাখার এক কর্মকর্তা বাদী হয়ে গত বছরের জুলাই মাসে মামলাটি করেন।
এরআগে ২০১২ সালের ৪ এপ্রিল রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংক লিমিটেডের ৭৮ কোটি ৯২ লাখ টাকা ঋণের বিপরীতে জমা দেয়া চারটি চেক ফেরত আসার অভিযোগে মামলা করেন ব্যাংকটির এক কর্মকর্তা।
ওই মামলায় গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত শামসুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে এ মামলায়ও আত্মসমর্পণ করে জামিন নেন শামসুল।
