চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন কাজী জাফর
ইউনাইটেড হাসপাতালে গত কিছুদিন ধরে চিকিৎসাধীন রাজনীতিক কাজী জাফর আহমদ উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি রওনা হন বলে তার সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিডনি ওয়েস্টম্যাট হাসপিটালে স্যার চিকিৎসা নেবেন। চিকিৎসার সব প্রক্রিয়া শেষ হয়েছে।”
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপির সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কাজী জাফরে অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১১ মে গুলশানের বাসায় বাথরুমে পড়ে যান কাজী জাফর। এরপর থেকে ইউনাইটেড হাসপাতালে ছিলেন তিনি।
এইচ এম এরশাদ সরকারের প্রধানমন্ত্রী কাজী জাফর ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মতদ্বন্দ্বে জাতীয় পার্টি ছেড়ে আলাদা দল গঠন করেন। ওই দলটি পরে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।
গোলাম মোস্তফা জানান, ফজলে রাব্বী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মহাসচিব হিসেবে নিয়োগ দিয়ে গেছেন কাজী জাফর।
