আগাম নির্বাচন না হলে আন্দোলন: ফখরুল
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন না দিলে সরকার হটাতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ‘দমবন্ধ’ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে সরকার হটাতে হবে।
“আমাদের নেত্রী ইতোমধ্যে সরকারকে বলেছেন, সঙ্কট উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় তাদের বাধ্য করতে জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।”
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে আলোচনা সভায় ফখরুল একথা বলেছেন, তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় খালেদা বক্তব্য দেননি, তিনি দর্শক সারিতে বসে শুনেছেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিকল্পধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপি চেয়ারম্যান অলি আহমদও বক্তব্য রাখেন।
বিএনপির জোট শরিক দলের নেতা অলি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “সরকারকে বলব, নিজের ভালো চাইলে সবার সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদও বলেন, “সব দলের অংশ গ্রহণে নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন দিন। অন্যথায় বিএনপির আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।”
“জিয়ার দর্শন অনুসরণ করে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে,” বলেন বিএনপির জোটে যোগ না দেয়া বি চৌধুরী।
‘স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরোত্তম’ শীর্ষক এই সভায় বক্তাদের সবারই কথা ছিল, মুক্তিযুদ্ধে জিয়ার অবদানকে ‘খাটো করে দেখানো হচ্ছে’।
সভাপতির বক্তব্যে ফখরুল বলেন, “প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের কন্যার লেখায় প্রমাণিত হয়ে গেছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
“আওয়ামী লীগের মিথ্যা কথা মানুষ আর বিশ্বাস করে না। তাদের অবস্থাটা হয়েছে- বাঘ আসছে, বাঘ আসছে, গল্পের মতো।”
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী বলেন, “মিথ্যাচার করে মানুষের হৃদয় থেকে জিয়ার দর্শন ও আদর্শ মুছে ফেলা যাবে না। এটা আওয়ামী লীগের ব্যর্থ অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
সার্ক গঠনের উদ্যোগ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়াসহ মধ্য প্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে জিয়ার ভূমিকার প্রশংসা করেন বিএনপি থেকে সরে আসা বি চৌধুরী।
বিএনপি থেকে বেরিয়ে আসা আরেক নেতা অলি আহমদ বলেন, “জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা নেতা।”
কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মান্নান, এম এ মান্নান, আহমেদ আজম খান, বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল খান, আবদুস সালাম, জাফরুল হাসান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, হাবিবউন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, আবদুল মালেক, শাহ নেসারুল হক, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
