২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএনপি-শিবিরের ৫২ জন অভিযুক্ত

পুলিশের উপর হামলা ও নাশকতার একটি মামলায় দিনাজপুরের বিএনপি ও শিবিরের ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার দিনাজপুর সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান।

এরপর আদালত তা গ্রহণ করে পলাতক ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এসআই আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ২৮ অক্টোবর হরতাল চলাকালে দিনাজপুর শহরের গণেশতলায় বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে কোতোয়ালি থানার এসআই মোকলেসুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে জখম করে।

এছাড়া পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এই ঘটনায় কোতোয়ালি থানার এ এস আই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, শহর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহর মহিলা দলের আহ্বায়িকা পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা ছাত্রশিবির সভাপতি মতিউর রহমান, সেক্রেটারি মশিউর রহমান প্রমুখ।