২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটবিহীন’ নির্বাচনে ৫ বছর ক্ষমতায় থাকা যাবে না: ফখরুল

‘ভোটবিহীন’ নির্বাচনে পাঁচবছর মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 09:20 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ভোটবিহীন নির্বাচন করে সরকার বলছে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে। জনগণ যাদের বাদ দিয়ে দিয়েছে, ত্যাগ করেছে, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এখন তারা বেআইনিভাবে বন্দুকের জোরে ক্ষমতায় আছে।

“সরকারকে বলব, দীর্ঘদিন ক্ষমতায় থাকার হিটলারি চিন্তা থেকে সরে আসুন। এখনো সময় আছে, জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব-এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া : বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

আগামী ৩০ মে জিয়ার ৩৩তম মৃত্যুবার্ষিকী। এ দিবসটি বিএনপি শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে।

রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সরকার আমাদের প্রতিনিয়ত সভা-সমাবেশ করতে বাধা দিচ্ছে। সরকারকে স্পষ্টভাষায় বলতে চাই, এসব পথ ছাড়–ন। গণতন্ত্রের সব দরজা-জানালা বন্ধ করবেন না। এতে আপনাদের কল্যাণ হবে না।

“যতই বন্দুক নিয়ে চলাফেরা করুন না কেনো জনগণ মাঠে নামলে কিছুই ঠেকাতে পারবেন না।”

আজীবন ক্ষমতায় থাকার চিন্তা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ এক সময় গণতন্ত্রকে বিসর্জন দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। ওই সময়ে ১৪ আগস্ট সরকার করে কেউ কী ভেবেছিলো ১৫ আগস্টের ট্যাজেডি ঘটবে। তাই সরকারকে বলব, জনগণের রায় ছাড়া ক্ষমতায় থাকার চিন্তা ত্যাগ করুন।”

একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদের প্রতি ইংগিত করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ওই পত্রিকায় বলা হয়েছে, খালেদা জিয়াকে ঢাকায় সমাবেশ করতে দেবে না। এটা কে বলেছে জানি না। আমরা পরিস্কার ভাষায় বলতে দিতে চাই, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে সমাবেশ করতে দেয়া হয়নি, কিন্তু খালেদা জিয়া অন্য জায়গায় কথা বলেছেন। তিনি যেদিন চাইবে, সেদিনই ঢাকায় সমাবেশ হবে।

“সরকারকে বলব, হিটলারি চিন্তা বাদ দিন। অহমিকা পরিহার করুন। ফেরাউন, আইয়ুব, ইয়াহিয়া, এরশাদ কেউই ক্ষমতায় টিকতে পারেননি। দেশের জনগণ জানে কিভাবে ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হয়।”

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তিনি বলেন, “শেখ মুজিবুর রহমান একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা দেননি, মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদই বলেছেন। যা তার মেয়ের লেখা বইতে প্রকাশ পেয়েছে। জিয়াই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দ্যাট ইজ ট্রুথ। কে কি বললো, তাতে কিছুই আসে যায় না।”

বর্তমান সরকার পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করে জিয়াউর রহমানকে একজন খল নায়ক হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন ফখরুল।

সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

এদিকে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে তিনদিনের বই মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।