২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক নেতাকে লাঞ্ছিত করায় চবির ৫ ছাত্রলীগকর্মীকে বহিষ্কার

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার চৌধুরী বাবুলকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরকর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত পাঁচজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাছির হায়দারকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তারা হলেন- ইংরেজি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শাহরিয়ার শুভ, সোহেল খান ও রুবেল দে, একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস বিভাগের আসিফুজ্জামান আমিন এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের এ এস এম মেহরাজ হোসেন।

এদের মধ্যে শাহরিয়ার শুভ ও রুবেল দে কে ছয় মাসের জন্য এবং অন্য তিন জনকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রক্টর বলেন, পাঁচ জনকেই কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে শোকজ করা হবে। সিদ্ধান্তের বিষয়টি নিজ নিজ বিভাগের মাধ্যমে তাদের জানিয়ে দেয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নাছির হায়দারের অনুসারী ছাত্রলীগের একাংশের নেতারা কর্তৃপক্ষের এই পদক্ষেপ ‘নমনীয়’ বলে মনে করছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে ক্যাম্পাসে অপরাধমূলক কর্মকাণ্ড আরো উৎসাহিত হবে।”

গত ৫ এপ্রিল চবি’র প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলমের স্মরণ সভায় যোগ দিতে এসে লাঞ্ছিত হন নাছির হায়দার।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে ৭ মে বাবুলের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়। সংগঠনটির অন্য পক্ষও পাল্টা কর্মসূচি দেয়।

তাদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এক সপ্তাহ অচল ছিল চবি। ১৩ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেয়া হয়।