২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি ফিরিয়ে আনুন: এরশাদ

গুম-খুনে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে মন্তব্য করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:36 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার নারায়ণগঞ্জে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের শোক সভায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন,  নারায়ণগঞ্জে সাতখুনের দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।

“নারায়ণগঞ্জের মাটিতে রক্তের দাগ লেগেছে। এ রক্তের দাগ মুছে ফেলতে হবে। আমরা আর রক্ত চাই না। তাই সরকারের কাছে আমাদের আহ্বান, গণতন্ত্র টিকিয়ে রাখতে আতঙ্ক দূর করে শান্তি ফিরিয়ে আনুন।”

এই শোক সভা থেকেই নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার কথা থাকলেও তা করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান।

সমবেতদের উদ্দেশ্যে তিনি বলেন, “নাসিম ওসমানের আসন থেকে যাকে প্রার্থী দেব তাকে ভোট দিয়ে বিজয়ী করে আপনারা তার আত্মাকে শান্তি দেবেন।”

প্রয়াত নাসিমকে ছোট ভাই, সহকর্মী ও সহযোদ্ধা বলে সম্বোধন করেন এরশাদ।

বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায়  নাগরিক শোক সভায় জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ন্যাপ সভাপতি এমএ ওহাব প্রমুখ বক্তব্য দেন।

সভায় শামীম ওসমান বলেন, “আমরা যখন ভাইয়ের লাশ কবরে নামাচ্ছিলাম ঠিক তখন মেয়র আইভীসহ একটি পক্ষ আমাদের পরিবারের বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচার শুরু করে।

“তাদের জবাব দিতে ৫ মিনিট লাগবে। কিন্তু আমি কোন জবাব দেব না। আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম।”