২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী দল: বি. চৌধুরী

ক্ষমতাসীন আওয়ামী লীগকে কেবল  ‘অগতান্ত্রিক নয়, গণতন্ত্রবিরোধী’ দল বলেও অভিহিত করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, যার নেতৃত্বাধীন সংগঠনটি গত মহাজোট সরকারের শরিক ছিল।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার পিরোজপুর জেলার ‘কমল একাডেমি’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আওয়ামী লীগ শুধু অগণতান্ত্রিকই নয়, দলটি গণতন্ত্রের বিরোধী। তাই দেশ ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে।”

গত ৫ জানুয়ারি নির্বাচন করার পেছনে আওয়ামী লীগের মনোবৃত্তিই অগণতান্ত্রিক ছিল দাবি করে তিনি বলেন, “রাজনীতিতে কী আসছে, কখন আসছে-তা বুঝতে হবে। আর তার উপর ভিত্তি করেই সবার আচরণ হতে হবে।

“১০ শতাংশ ভোট পড়ার পড়েও আওয়ামী লীগ সরকার গঠন করল। ১৫৩টি আসনের জনগণ ভোট দিতে না পারলেও, তারা প্রধানমন্ত্রী-মন্ত্রী হন, শেইম(লজ্জা)। কিন্তু এটা তাদের বোঝানো যাবে না।”

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বছর খানেক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী বদরুদ্দোজা চৌধুরী বলেন, “যে কানে শোনে না, চোখে দেখে না, তাকে কানে শোনানে যাবে না, চোখেও দেখানো যাবে না।”

তিনি বলেন,গণতন্ত্র না থাকলে দেশের নাগরিকদের নিরাপত্তা থাকবে না। দেশে প্রায় এক দলীয় শাসন চলছে।

গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক নিরাপত্তা, পেশাজীবী-রাজনীতিবিদদের অবিলম্বে মুক্তি এবং ‘ব্যাপক কারচুপির’ উপজেলা নির্বাচন বাতিলের দাবিতে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতেই বিকল্পধারা সভাপতি বলেন, “নির্বাচন বাতিল কে করবে? বললেই হলো? পরিস্থিতি বুঝতে হবে।

“তাদের (আওয়ামী লীগ) ইতিহাস খারাপ। কেন তারা গণতান্ত্রিক আচরণ করবে? স্বাধীনতার পর তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল।”

এসময় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন বিএনপি’র সাবেক এই নেতা।

পাশাপাশি উপেজেলা নির্বাচনে ভোট কারচুপির সমালোচনাও করেন তিনি।

সরকারের বাইরে থাকা সংগঠনগুলোকে শক্তিশালী করে জনগণের ‘ভাষা’ বোঝার পরামর্শ দিয়ে বদরুদ্দোজা বলেন, “দুর্নীতি ও সন্ত্রাসের উর্ধ্বে থাকলে দলের লোক ও দেশ নিরাপদ থাকবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি নুরুল আমীন ব্যাপারী, বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু ছাড়াও পিরোজপুর জেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা আলোচনা সভায় বক্তব্য রাখেন।