২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সময়ে গুম-হত্যা-রাহাজানি ছিল না: এরশাদ

আইন-শৃংখলা সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তার শাসনামলে দেশে গুম, হত্যা এবং রাহাজানি ছিল না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:04 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় এরশাদ বলেন, “আজ বাংলাদেশ মৃত্যুপুরী। সকালে খবরের কাগজ খুললেই দেখি খুন, গুম, হত্যা, রাহাজানি। এমন কোনোদিন নেই যেদিন খুন হয় না, গুম হয় না। জাতি বিবেক হারিয়ে ফেলছে।

“আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম! এসব বন্ধ করা যায় না! আমার সময়ে তো এসব হয় নি। তখন তো মানুষ শান্তিতে ঘুমিয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগেনি।”

জাতীয় পার্টির সমর্থক ঢাকা জেলার অটোরিকশা, মিশুক ও টেম্পো চালক-শ্রমিকদের ওই সভায় গুম-খুন বন্ধে পুলিশের কাজে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ না করার ব্যাপারে সরকারকে পরামর্শ দেন এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপ্রধান বলেন, “সরকার যদি চায়, তাহলে অবশ্যই দেশের গুম-খুন বন্ধ করা সম্ভব। পুলিশকে স্বাধীনতা দিন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীর একটিই পরিচয় সে অপরাধী। আমাদের সময়ে গুম-খুন না হওয়ার কারণ, আমরা অপরাধীকে ‘অপরাধী’ হিসেবে দেখতাম।”

দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির পেছনে প্রতিহিংসার রাজনীতি রয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, “এই প্রতিহিংসার রাজনীতির জন্য দায়ী বিএনপি।”

তিনি বলেন, “হিংসা দিয়ে মানুষকে জয় করা যায় না। মানুষকে জয় করতে ভালবাসা দিয়ে। বিএনপি হিংসার রাজনীতি করে। তারা বিচারক হত্যা করেছে, বাংলা ভাই সৃষ্টি করেছে। তারা ৬৪ টি জেলায় বোমা বিস্ফোরণ করেছে। আমরা বোমায় নয়, ভালবাসায় বিশ্বাস করি।

“তারা ক্ষমতায় এসেই পথকলি ট্রাস্ট বন্ধ করে দিল, উপজেলা বন্ধ করে দিল। ওগুলো কি আমার ছিল? ওগুলো ছিল জনগণের। কার ক্ষতি হল?”

নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “মুক্ত রাজনীতি করতে চাই। জীবনের শেষ প্রান্তে এসেছি। মানুষকে ভালবাসি বলেই এখনো রাজনীতি করে যাচ্ছি। দেশের মানুষ পরিবর্তন চায়। আর সেই কাংখিত পরিবর্তন দিতে পারে জাতীয় পার্টি। তোমরা পার্টিকে সংগঠিত করার জন্য কাজ করে যাও।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী প্রমুখ।