২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আবেদনে রোববার আদেশ

দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী নিম্ন আদালতের বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই রিট আবেদনে রোববার আদেশ দেবে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:49 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

দুই দিন শুনানির পর মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেছে।

আদালতে খালেদার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

অভিযোগ গঠনকারী বিচারক ঢাকার বিশেষ জজ বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ মে এই দুটি আবেদন করেন খালেদা।

গেজেট না করে সাধারণ আদেশে দেয়া ওই বিচারকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- রিট আবেদনে সেই আদেশ চেয়েছেন খালেদা।

পাশাপাশি বিচারিক আদালতে মামলা দুটির কার্যক্রমে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।

রিট দায়েরের পর খালেদার আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়কে সাধারণ আদেশে বিশেষ ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া হয়। এভাবে নিয়োগ দেয়া যায় না। গেজেট করে নিয়োগ দিতে হয়।”

ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় ১৯ মার্চ খালেদার উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

শুনানিতে এ জে মোহাম্মদ আলী দাবি করেন, বিশেষ জজ আদালতে বিচার করতে হলে গেজেটের মাধ্যমে বিচারক নিয়োগ দিতে হয়। গেজেটের মাধ্যমে অধিক্ষেত্রও নির্ধারণ করতে হয়। বাসুদেব রায়ের ক্ষেত্রে সেটার ব্যত্যয় ঘটেছে।

“এ কারণে তার নিয়োগ অবৈধ। তার গৃহিত কার্যক্রমও বৈধ নয়।”

আদালতের নিকট তিনি রুল প্রার্থনার পাশাপাশি বাদী খালেদা জিয়ার মামলার কার‌্যক্রমে স্থগিতাদেশ চান।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, বাসুদেব রায়কে অফিসিয়াল গেজেটের মাধ্যমেই নিয়োগ দেয়া হয়। তবে বিজি প্রেসের বাংলাদেশ গেজেটে তা পরে প্রকাশিত হয়েছে।

“আইনের বাধ্যবাধকতা অফিসিয়াল গেজেটের বিষয়ে। গেজেট প্রকাশের বিষয়ে নয়।”

তিনি আরো বলেন, “ঢাকার বিশেষ জজ-৩ আদালত এবারই প্রথম গঠন করা হয়নি। আগে থেকেই এই আদালত ছিলো। তাই নতুন করে এই আদালতে অধিক্ষেত্র নির্ধারণ করে গেজেট করার প্রয়োজন নেই।”

ওই মামলা দুটির অভিযোগ গঠন বিধিসম্মতভাবে হয়নি দাবি করে এর আগেও হাই কোর্টে এসেছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদন খারিজ হয়ে যায়।

অভিযোগ গঠনের আগে মামলা দুটি বাতিল চেয়েও উচ্চ আদালতে এসেছিলেন তিনি, তাও নিস্ফল হয়েছিল।

বিএনপির দাবি, খালেদার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

মামলা দুটির বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি এরও সমালোচনা করে আসছে।

পুরনো খবর:

বিচারককে নিয়ে খালেদার প্রশ্ন