র্যাব কর্মকর্তাদের দোষ এখনো প্রমাণিত নয়: মন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে তদন্তের স্বার্থে অবসরে পাঠানো হয়েছে।
“দোষী বলে তাদের অবসরে পাঠানো হয়েছে, এমনটা ভাবা ঠিক হবে না,” বলেন তিনি।
শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ছিলেন।
বিভিন্ন বিষয়ে আদালতে রিট আবেদন করা নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশে সমর্থন জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।
“কিছু অতি উৎসুক, রাজনৈতিক ফায়দাবাজ এ ঘটনাকে কেন্দ্র করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। কিছু বিশেষ ব্যক্তির এ বিষয়ে করা রিট তদন্ত প্রতিক্রিয়াকে ব্যাহত করছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটি আমাদের সবার মনের কথা।”
“আমরা নারায়ণগঞ্জের ঘটনায় কোন জজ মিয়া নাটক সাজাতে চাই না। প্রধানমন্ত্রী বলেছেন, যারাই এ ঘটনায় জড়িত তাদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা সবাই তাই চাই,” বলেন কামরুল।
নির্বাহী বিভাগের প্রধান হিসেবে দেশে `প্রধানমন্ত্রীর একনায়নতন্ত্র’ প্রতিষ্ঠা হয়েছে বলে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, “কিছু তথাকথিত বুদ্ধিজীবী, জ্ঞানপাপী প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা বলছে। অথচ সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে দেয়া ক্ষমতাই প্রধানমন্ত্রী ভোগ করছেন।”
টিআইবির এ ধরনের প্রতিবেদনে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “নিউ ইয়র্কে মানবাধিকারের কোনো বালাই নাই। সেখানে হত্যার ঘটনা ঘটলেও সেগুলো আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়।”
“নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছে। তারা র্যাব নিষিদ্ধের কথা বলছে। তারা আর বিএনপি একই সুরে কথা বলছে।”
“হরতাল-নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যারা গত বছর মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, টিআইবি আর সুজন এখন তাদের সুরেই কথা বলছে “ বলেন খাদ্যমন্ত্রী।
‘বঙ্গবন্ধু জাতি বিভক্ত করেছেন’ বলে খালেদার জিয়ার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “তার বক্তব্য মূর্খের মতো। মূর্খদের ধৃষ্টতা দেখে অবাক লাগে।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “দেশে এখন প্রধান আলোচনার বিষয় নারায়ণগঞ্জ। এটি একটি জঘন্য ঘটনা, যার জন্য আমরা ব্যথিত।
“প্রধানমন্ত্রী খুব দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলায় যখন যা করা দরকার তা করেছেন। যারাই তদন্তে অপরাধী প্রমানিত হবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।”
