২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির কাছে সুসম্পর্কের প্রত্যাশা বিএনপির

লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছে তিস্তার পানি বণ্টনচুক্তি ও সীমান্ত হত্যা বন্ধসহ অমীমাংসিত বিষগুলোর সমাধানে ভারতের নতুন সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার দুপুরে ভারতের নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি”

“লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্টতা অর্জন করতে চলেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা মনে করি, এই বিজয় গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’’

একক সংখ্যাগরিষ্টতা পাওয়ায় বিজেপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমরা বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে নিকট প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদের কাছে প্রত্যাশা করছি, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে নতুন সরকার কাজ করবে।

“আমরা বিশ্বাস করি, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের মনের মনোভাব বুঝার চেষ্টা করবে। তিস্তার পানি সমস্যাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন অমীমাংসিত সমস্যা সমাধানে তারা এগিয়ে আসবেন, পদক্ষেপ নেবেন।’’

বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকারের সাফল্য কামনা করেন মির্জা ফখরুল।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘৯০ এর ছাত্র ঐক্য সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিচারিক আদালতের স্থান পরিবর্তনের প্রতিবাদের এই সমাবেশ হয়।

নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে চাকুরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তার গ্রেপ্তার না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “এটা পরিস্কার হয়ে গেছে, সরকার নিজেদের রক্ষার জন্য তাদের গ্রেপ্তার করছে না। কারণ এই র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-গুম-হত্যার ঘটনা ঘটিয়েছে। এজন্য এখন তাদের আড়াল করছে।’’

বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেছেন, বিচার বিভাগের উচিত হবে নির্বাহী বিভাগের কাজে হস্তক্ষেপ না করা। এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বিচার বিভাগকে হুমকি দিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।

“উচ্চ আদালত নারায়ণগঞ্জের ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করার নিদের্শ দিয়েছেন। এজন্য এরকম কথা প্রধানমন্ত্রী বলছেন। কারণ একটাই- ওই তিন র‌্যাব কর্মকর্তার একজন সরকারের মন্ত্রীর জামাতা।’’

দলের যুগ্ম মহাসচিব ও  ৯০ এর ডাকসুর সহসভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে সাবেক ছাত্র নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল ও সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।